ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুদিনব্যাপী নির্বাচনে মঙ্গলবার প্রথম দিনের ভোটগ্রহণ শেষ হয়েছে।
সকাল দশটা থেকে মাঝে এক ঘন্টা বিরতি দিয়ে বিকাল পাঁচটা পর্যন্ত এ ভোট গ্রহণ চলে।
সমিতির ১ হাজার ৮ শ' ৪৫ জন ভোটারের মধ্যে প্রথম দিন ৬শ ৭৫ জন ভোট দিয়েছেন।
উৎসবমুখর পরিবেশে এ ভোটগ্রহণ চলে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সমিতির মিলনায়তনের বাইরে দাঁড়িয়ে ভোট চান। নির্বাচনে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বুধবার সকাল দশটা থেকে দুপুরে এক ঘন্টা বিরতি দিয়ে বিকাল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ভোট গণনা শেষে রাতে অনানুষ্ঠানিক ফল ঘোষণা করা হবে।
ভোটাররা সমিতির সভাপতি, দুইজন সহ সভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষ, দুইজন সহ সম্পাদক, সাত সদস্যসহ ১৪ কর্মকর্তা নির্বাচন করবেন।
নির্বাচনে বিএনপি-জামায়াত জোট সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল থেকে সভাপতি পদে খন্দকার মাহবুব হোসেন ও সম্পাদক পদে হেলালউদ্দিন মোল্লা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সভাপতি পদে এএফএম মেসবাহউদ্দিন ও সম্পাদক পদে শম রেজাউল করিম ।
নির্বাচন পরিচালনা করছেন অ্যাডভোকেট আবুল কাসেম ফজলুল হক খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১৮২৯ঘ.
bdnews24