ঢাকা, ২৫ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বৃহস্পতিবার ৩৮তম স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করবে বাংলাদেশ। বিনম্র শ্রদ্ধায় জাতি স্মরণ করবে মুক্তিযুদ্ধের বীর শহীদদের।
৩৮ বছর আগে এই দিনে পাকিস্তানী দখলদার বাহিনীর দমন অভিযানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল পূর্ব পাকিস্তানের বাঙালিরা।
২৫ শে মার্চের কালরাত্রিতে ঢাকায় যে ভয়াবহ গণহত্যা চালায় পাকিস্তানী সেনাবাহিনী তাই নয় মাসের মরণপণ যুদ্ধে ঠেলে দেয় এ জনপদের মানুষকে।
সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে ভোর থেকে শ্রদ্ধা জানানো হবে স্বাধীনতাযুদ্ধের মহান শহীদদের। বিরাজমান পরিস্থিতির কারণে এবার জাতীয় প্যারেড স্কোয়ারের স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ হচ্ছে না। তবে উৎসবমুখর পরিবেশে দেশজুড়ে অনুষ্ঠিত হবে নানা অনুষ্ঠান।
কিছুটা পরিবর্তিত রাজনৈতিক পরিবেশে জাতি উদযাপন করছে এবারের স্বাধীনতা দিবস। গত সংসদ নির্বাচনে যুদ্ধ অপরাধীদের বিচারের করার প্রতিশ্রতি দিয়ে ক্ষমতাসীন হয়েছে আওয়ামী লীগ। যুদ্ধাপরাধীদের বিচারের দাবি এদিন তাই ধ্বনিত হবে নতুন প্রত্যয়ে।
১৯৭১ সালের ২৫ শে মার্চের কালরাত্রিতে ঢাকায় হত্যাযজ্ঞ চালিয়ে পাকিস্তানী সেনাবাহিনী বাংলার মানুষের স্বাধিকারের দাবিকে চিরতরে স্তদ্ধ করে দিতে চাইলেও পারেনি। সেই রাতে এই ভূখণ্ডের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রেপ্তার হওয়ার আগেই পরিস্থিতি বুঝতে পেরে স্বাধীনতা ঘোষণার বার্তা পৌঁছে দেন।
২৬ শে মার্চ চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা এম এ হান্নান বেতারে পাঠ করেন পাকিস্তানী দুঃশাসনের শেকল ছেঁড়ার সেই অমর ঘোষণা। ২৭ মার্চ মেজর জিয়াউর রহমান সেই ঘোষণা আবার পাঠ করলে একজন সেনা কর্মকর্তার কণ্ঠে স্বাধীনতা যুদ্ধ শুরুর কথা জেনে সাহস ফিরে পায় আকস্মিক গণহত্যায় হতচকিত জাতি। শুরু হয় মুক্তিযুদ্ধের প্রস্তুতি।
নয়মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আসে স্বাধীনতা। জন্ম হয় বাংলাদেশের।
তবে সশস্ত্র মুক্তিযুদ্ধ নয় মাসের হলেও বাংলাদেশের স্বাধীনতার পেছনে রয়েছে আন্দোলন সংগ্রামের দীর্ঘ ইতিহাস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/২৩৫৫ঘ.
bdnews24