২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষার্থীবাহী ট্রাক উল্টে ৩ জন নিহত, আহত ৮৯

ফরিদপুর শহরতলীতে বৃহস্পতিবার শতাধিক শিক্ষার্থীকে ট্রাকে চড়িয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে নেওয়ার সময় যানটি উল্টে ২ জন নিহত এবং কমপক্ষে ৮৯ জন আহত হয়েছে। আহতদের ৮ জনের অবস্থা আশংকাজনক। (আরো তথ্যসহ-২)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2009, 08:19 AM

Updated : 26 Aug 2022, 11:14 AM

ফরিদপুর, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুর শহরতলীতে বৃহস্পতিবার শতাধিক শিক্ষার্থীকে ট্রাকে চড়িয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে নেওয়ার সময় যানটি উল্টে ২ জন নিহত এবং কমপক্ষে ৮৯ জন আহত হয়েছে। আহতদের ৮ জনের অবস্থা আশংকাজনক। সকাল সোয়া ৭টার দিকে ফরিদপুর মুসলিম মিশন স্কুলের শতাধিক শিক্ষার্থীকে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানের জন্য স্টেডিয়ামে নেওয়ার পথে ফরিদপুর-ঢাকা মহাসড়কের কোমরপুরে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। শিক্ষার্থীদের কেন ট্রাকে ওঠানো হলো- এ প্রশ্নের জবাবে ফরিদপুর মুসলিম মিশন স্কুলের সাধারণ সম্পাদক এম এ সামাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রতি বছর বিজয় ও স্বাধীনতা দিবসে ট্রাকে করেই আমরা ছাত্র-ছাত্রীদের স্টেডিয়ামে নেই।" এ বিষয়ে তিনি আর কোনো মন্তব্য করেন নি। এ ঘটনার প্রতিক্রিয়ায় ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শামসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটি অবশ্যই দুঃখজনক। এভাবে শিক্ষার্থীদের ট্রাকে তোলা দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন এ বিষয়ে যে প্রতিবেদন দেবে তার ভিত্তিতে বোর্ড ব্যবস্থা নেবে।" দুর্ঘটনায় আহতদের মধ্যে ৬১ জনকে প্রাথমিকভাবে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে গুরুতর আহত ৯ জনকে দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে পাঠানো হয়েছে। আহত অপর ৩০ জনকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৫ জন রয়েছে ছাত্রী। কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়ারেছ আলী মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কোমরপুরস্থ মুসলিম মিশন স্কুলের শতাধিক ছাত্র-ছাত্রী একটি ট্রাকে (ফরিদপুর-ড-১১-০০২৭) করে ফরিদপুর স্টেডিয়ামে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে।" তিনি জানান, নিহতরা হচ্ছে- মুসলিম মিশন স্কুলের নবম শ্রেণীর ছাত্র সোহেল রানা (১৪) এবং অষ্টম শ্রেণীর ছাত্র রমজান (১৪)। সোহেল রানার বাড়ি সদর উপজেলার হাটগোবিন্দপুরে এবং রমজানের বাড়ি মাগুরা জেলার শ্রীপুর গ্রামে। এছাড়া বিকেল সাড়ে ৪টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পঞ্চম শ্রেণীর ছাত্র হযরত (১২) মারা যায়। আহতদের দেখতে ফরিদপুরের জেলা প্রশাসক হেলালউদ্দিন আহমেদ, পুলিশ সুপার মিজানুর রহমান, পৌর মেয়র শেখ মাহাতাব আলী মেথুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা হাতপাতালে যান। এদিকে, বৃহস্পতিবার ফরিদপুর-খুলনা মহাসড়কের ফরিদপুরের মল্লিকপুরে আরেকটি দুর্ঘটনায় স্থানীয় মাতৃছায়া কিন্ডারগার্টেনের এক ছাত্র মারা গেছে। তার নাম হৃদয় (৭)। হৃদয় সকাল সাড়ে ৭টার দিকে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ট্রাকটি তাকে চাপা দিয়ে যশোরের দিকে পালিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএ/এজে/জিএনএ/১৬৩০ ঘ.