২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের ডাক বিভাগের আধুনিকায়ন করা সম্ভব: রাজু

দেশের ডাক বিভাগের আধুনিকায়ন করা সম্ভব বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু। শুক্রবার সকালে রাজশাহী পোস্টাল একাডেমি সম্মেলন কক্ষে ডাক বিভাগের কর্মচারীদের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2009, 05:18 PM

Updated : 26 Aug 2022, 11:14 AM

রাজশাহী, ২৭ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দেশের ডাক বিভাগের আধুনিকায়ন করা সম্ভব বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু। শুক্রবার সকালে রাজশাহী পোস্টাল একাডেমি সম্মেলন কক্ষে ডাক বিভাগের কর্মচারীদের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বাংলাদেশ পোস্টম্যান ও নিম্ন বেতনভোগী ডাক কর্মচারী ইউনিয়ন রাজশাহী সার্কেলের 'দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশন ও নির্বাচন ২০০৯' অনুষ্ঠানে মন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলনের শুরুতে ইউনিয়নের নেতা-কর্মীরা বেতন-ভাতা বৃদ্ধি, নিরাপত্তা ব্যবস্থা জোরদার, শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি, পোষ্য কোটায় চাকরি প্রদানসহ ১৩ দফা দাবিতে মন্ত্রীকে স্মারকলিপি দেন। মন্ত্রী তাদের দাবিসমূহকে যৌক্তিক উল্লেখ করে বলেন, "সকলের সহযোগিতা পেলে আগামী এক বছরের মধ্যে এসব দাবি মেনে নিয়ে দেশের ডাক বিভাগের আধুনিকায়ন করা সম্ভব।" চারদলীয় জোট সরকারের শাসনামলে দেশের মানুষ জিম্মি ছিল মন্তব্য করে তিনি বলেন, "জোট সরকার জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করে নিজেদের স্বার্থ আদায় করেছে। সন্ত্রাস ও দুর্নীতির কারণে বাংলার মানুষ তাদের প্রত্যাখ্যান করে মহাজোটের পক্ষে গণরায় দিয়েছে।" মন্ত্রী বলেন, "আসুন আমরা সবাই মিলে শপথ গ্রহণ করি, নিজামীর মতো রাজাকারদের কাছ থেকে যে পতাকা ছিনিয়ে এনেছি সেই পতাকা যেন তারা আর স্পর্শ করতে না পারে।" তিনি আরও বলেন, "জোট সরকারের শাসনামলে মানুষ আতঙ্কে দিন কাটিয়েছে। বর্তমানেও আমরা জলন্ত আগ্নেগিরির মধ্যে বেঁচে আছি।" পোস্টম্যান ও নিম্ন বেতনভোগী ডাক কর্মচারী ইউনিয়ন রাজশাহী সার্কেলের সভাপতি সাজেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজশাহীর মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা, পোস্টম্যান ও নিম্ন বেতনভোগী ডাক কর্মচারি ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি শফিকুল্লাহ দুলাল, সাধারণ সম্পাদক আমজাদ আলী খান প্রমুখ বক্তব্য রাখেন। ফজলে হোসেন বাদশা বলেন, "দেশের যোগাযোগ ব্যবস্থায় ডাক বিভাগ এখনও অপরিহার্য। ডিজিটাল বাংলাদেশ গড়তে ডাক বিভাগকে অবশ্যই যুগপোযোগী করতে হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২০ ঘ.