রাজশাহী, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশের ডাঁশমারি এলাকার একটি শুকনো ডোবা থেকে রোববার ছয়টি দেশি পাইপগান উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে।
নগরীর মতিহার জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এমকে জাহাঙ্গীর হোসেন জানান, রোববার সকাল সাড়ে ১১টার দিকে ডাঁশমারি খোঁজাপুর এলাকার আব্দুল মজিদের বাঁশঝাড়ের কাছে শুকনো ডোবায় শিশুরা খেলার সময় পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় পাইপগানগুলো দেখতে পায়। পরে স্থানীয়রা মতিহার থানা পুলিশকে খবর দিলে পুলিশ ১২ টুকরো অবস্থায় ছয়টি পাইপগান উদ্ধার করে। পাইপগানগুলোতে কোন গুলি ছিল না বলে তিনি জানান।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, উদ্ধারকৃত পাইপগানগুলো থানা হেফাজতে রয়েছে।
১৩ মার্চ রাজশাহী বিশ্বদ্যিালয়ে ছাত্রলীগ-ছাত্রশিবির সংঘর্ষের পর শাহ মখদুম হল থেকে একই রকম দেখতে একটি পাইপগান উদ্ধার করা হয়েছিল। ওই সংঘর্ষে ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক শরীফুজ্জামান নোমানী নিহত হন। এরপর বিশ্ববিদ্যালয়সহ নগরীর আটটি শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৪৫ ঘ.
bdnews24