ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআরের ঘটনার পর জাতীয় সংসদসহ গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তার বিষয়টি বেশ জোরেশোরে আলোচিত হলেও সংসদ ভবনের নিরাপত্তা ব্যবস্থাই প্রশ্নবিদ্ধ। সংসদ সচিবালয়ও জানে না কার কাছে সংরক্ষিত থাকে এই ভবনের চাবি।
রোববার জাতীয় সংসদ ভবনে নিরাপত্তা কমিটির এক বৈঠকে কর্মকর্তারা একথা জানিয়েছেন।
ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে উচ্চ পর্যায়ের ওই নিরাপত্তা কমিটির বৈঠকে বিষয়টি খতিয়ে দেখতে একটি ছয় সদস্যের উপ কমিটি করা হয়েছে। কমিটি সংসদ সচিবালয়ের চাবি সংরক্ষণের উপায় বের করে করণীয় নির্ধারণের দায়িত্ব পালন করবে।
বৈঠকের পর শওকত আলী বলেন, "সংসদ ভবনের চাবি কার কাছে থাকে এ বিষয়টি এখনো আমরা কেউ জানি না।"
"আজকের বৈঠকে চাবি সংরক্ষণের উপায় ও করণীয় নির্ধারণে সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিবকে প্রধান করে আমরা একটি ছয় সদস্যের উপ-কমিটি গঠন করেছি", বলেন তিনি।
বৈঠকে সংসদ ভবন এলাকার সীমানা প্রাচীরের উচ্চতা বাড়ানো এবং সংসদ সচিবালয়ে ঢোকার প্রবেশ পথের সংখ্যা কমিয়ে আনার বিষয়েও সিদ্ধান্ত হয়েছে।
শওকত আলী বলেন, "ভবন এলাকার সীমানা প্রাচীর তিন ফুট থেকে বাড়িয়ে ৮ ফুট এবং প্রবেশ পথ কমিয়ে দুটিতে নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
তবে শেরে বাংলা নগরে ন্যাম ভবনে অবস্থানরত সাংসদদের প্রবেশের সুবিধার্থে উত্তরপাশের একটি প্রবেশ পথ খোলা রাখা হবে বলে জানান তিনি।
ডেপুটি স্পিকার জানান, ওই দুটি প্রবেশ পথ ছাড়া বাকিগুলোতে পুলিশি ব্যারিকেড থাকবে।
২৫-২৬ ফেব্র"য়ারি বিডিআর বিদ্রোহের পর চলতি মাসের শুরুতে সংসদে নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে ডেপুটি স্পিকার শওকত আলীকে প্রধান করে ১১ সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/এইচএ/২৩৪০ঘ.
bdnews24