২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজ্জাককে গ্রেপ্তার না করার আদেশ স্থগিতে সুপ্রিম কোর্টে আবেদন

পিলখানা ঘটনায় জামায়াত নেতা ব্যারিস্টার আবদুর রাজ্জাককে আগামী ৫ এপ্রিল পর্যন্ত গ্রেপ্তার বা হয়রানি না করার হাইকোর্টের নির্দেশ স্থগিতের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছে সরকার। সোমবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদনটি দায়ের করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2009, 02:47 PM

Updated : 26 Aug 2022, 11:15 AM

ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা ঘটনায় জামায়াত নেতা ব্যারিস্টার আবদুর রাজ্জাককে আগামী ৫ এপ্রিল পর্যন্ত গ্রেপ্তার বা হয়রানি না করার হাইকোর্টের নির্দেশ স্থগিতের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছে সরকার। সোমবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদনটি দায়ের করা হয়। মঙ্গলবার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান আবেদনটির ওপর শুনানি গ্রহণ করতে পারেন। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান আবেদন দায়েরের কথা জানিয়ে সোমবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ব্যারিস্টার আবদুর রাজ্জাককে গ্রেপ্তার বা হয়রানি না করার হাইকোর্টের আদেশ স্থগিতের জন্য একটি আবেদন দায়ের করা হয়েছে। আগামীকাল (মঙ্গলবার) আবেদনটির ওপর আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।" তিনি আরও বলেন, "রাজ্জাককে সিআইডি জিজ্ঞাসাবাদের জন্য ডাকার সঙ্গে সঙ্গে আগাম জামিনের আবেদন বেশি আগে ভাগেই করা (প্রিম্যাচিউর) হয়েছে। হাইকোর্টও তাকে গ্রেপ্তার বা হয়রানি না করার আদেশ দিয়েছে। তদন্তের জন্য তাকে ডেকে তো কোনো আইনও ভঙ্গ করা হয়নি। এছাড়া তদন্তের জন্য ডেকে তাকে দেওয়া চিঠির কার্যক্রম স্থগিত করেনি হাইকোর্ট। এসব যুক্তিতে রাজ্জাককে গ্রেপ্তার বা হয়রানি না করার হাইকোর্টের আদেশ স্থগিতে এ আবেদন জানানো হয়েছে।" পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ব্যারিস্টার আবদুর রাজ্জাকের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ৫ এপ্রিল পর্যন্ত তাকে গ্রেপ্তার বা হয়রানি না করতে সরকার ও পুলিশকে নির্দেশ দেয় হাইকোর্ট। হাইকোর্টের ওই আদেশে বলা হয়, পিলখানা ঘটনায় ব্যারিস্টার রাজ্জাককে জিঙ্গাসাবাদ করা যাবে। তবে তার পাসপোর্ট জব্দ করা যাবে না। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় জিঙ্গাসাবাদের জন্য গত ২৮ মার্চ তদন্তকারী কর্মকর্তা সিআইডির এএসপি আবদুল কাহার আকন্দ ব্যারিস্টার রাজ্জাককে ৩০ মার্চ সকাল সাড়ে দশটায় মালিবাগে সিআইডির কার্যালয়ে হাজির হওয়ার জন্য চিঠি দেন। ওই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে এবং এর কার্যক্রমের ওপর স্থগিতাদেশ চেয়ে ব্যারিস্টার রাজ্জাক গত ২৯ মার্চ একটি রিট দায়েরের পাশাপাশি তাকে গ্রেপ্তার বা হয়রানি না করার জন্য আবেদন দায়ের করেন। তবে হাইকোর্ট ওই চিঠির কার্যক্রম স্থগিত করেনি। এরই পরিপ্রেক্ষিতে সোমবার তাকে সিআইডি জিঙ্গাসাবাদ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এইচএ/২০৪০ঘ.