২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বজ্রপাতে চার মৃত্যু

রাজধানীর কেরানীগঞ্জ ও ফরিদপুরে বজ্রপাতে মঙ্গলবার সকালে চারজন নিহত এবং একজন আহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মিটফোর্ড প্রতিনিধি জানান, কেরানীগঞ্জ মডেল থানার তারানগর ইউনিয়নের চন্দ্রীপুর গ্রামে সকালে বজ্রপাতে দুজন নিহত এবং একজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2009, 05:56 AM

Updated : 26 Aug 2022, 11:15 AM

ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কেরানীগঞ্জ ও ফরিদপুরে বজ্রপাতে মঙ্গলবার সকালে চারজন নিহত এবং একজন আহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মিটফোর্ড প্রতিনিধি জানান, কেরানীগঞ্জ মডেল থানার তারানগর ইউনিয়নের চন্দ্রীপুর গ্রামে সকালে বজ্রপাতে দুজন নিহত এবং একজন আহত হয়েছেন। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল সাড়ে সাতটার দিকে কেরানীগঞ্জ মডেল থানার তারানগর ইউনিয়নের চন্দ্রীপুর গ্রামে জমিতে আগাছা পরিষ্কার করার সময় বজ্রপাতে হায়দার আলী (২৬) ও জমির মালিক শামসুল হক (৬৭) ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় শামসুল হকের ভাই গুলজার হোসেন আহত হয়েছেন। হায়দার আলী কুড়িগ্রামের বজ্রবাজার গ্রামের অলিউদ্দিনের ছেলে। ফরিদপুর প্রতিনিধি জানান, ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের আশরাফ মাতব্বরের দামড়ি গ্রামে সকালে বজ্রপাতে দু'ভাই মারা গেছে। মৃতরা হলেন, শেখ শামছুর ছেলে রুবেল শেখ (১০) ও নজরুল শেখ (১৪)। ফরিদপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল পৌনে সাতটার দিকে শামছুর টিনের ঘরে বজ্রপাত হয়। এসময় তার দু ছেলে ঘরে ছিল। বজ্রপাতে রুবেল ঘটনাস্থলেই মারা যায়।" গুরুতর আহত নজরুলকে ফরিদপুর জেনারেল হাসপাতালে আনা হলে সেখানে তার মৃত্যু হয়। নজরুল বাকিগঞ্জ মাদ্রাসার অষ্টম শ্রেণীর ও রুবেল তৃতীয় শ্রেণীর ছাত্র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/জিএনএ/১১৫৪ ঘ.