ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানীগঞ্জ, ফরিদপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় মঙ্গলবার বজ্রপাতে নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। (আরও তথ্যসহ-১)
এর মধ্যে ফরিদপুর সদর উপজেলায় নজরুল (১৪) ও রুবেল (১০) নামের দুই ভাই এবং নগরকান্দা উপজেলায় কুদ্দুস (৫৫) নামে আরেকজন মারা যান। সদর ও চরভদ্রাসন উপজেলায় আহত হয়েছেন তিনজন।
ঢাকার কেরানীগঞ্জে মারা গেছেন হায়দার আলী (২৬) ও শামসুল হক (৬৭) নামে দুজন। আহত হয়েছেন একজন।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিন স্কুলছাত্র এবং সরাইলে এক কিশোর মারা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মিটফোর্ড প্রতিনিধি জানান, কেরানীগঞ্জ মডেল থানার তারানগর ইউনিয়নের চন্দ্রীপুর গ্রামে সকালে বজ্রপাতে তিনজন হতাহত হন।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল সাড়ে ৭টার দিকে জমিতে আগাছা পরিষ্কার করার সময় বজ্রপাতে হায়দার ও জমির মালিক শামসুল হক ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় শামসুল হকের ভাই গুলজার হোসেন আহত হয়েছেন।
হায়দার আলী কুড়িগ্রামের বজ্রবাজার গ্রামের অলিউদ্দিনের ছেলে।
ফরিদপুর প্রতিনিধি জানান, ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের আরশাদ মুন্সীরডাঙ্গি গ্রামে সকাল পৌনে ৭টার দিকে বজ্রপাতে শেখ শামছুর রহমানের ছেলে রুবেল ও নজরুল মারা যায়।
ফরিদপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শামছুর টিনের ঘরে বজ্রপাত হয়। এসময় তার দু ছেলে ঘরে ছিল। বজ্রপাতে রুবেল ঘটনাস্থলেই মারা যায়।"
গুরুতর আহত নজরুলকে ফরিদপুর জেনারেল হাসপাতালে আনা হলে সেখানে তার মৃত্যু হয়।
নজরুল বাকিগঞ্জ মাদ্রাসার অষ্টম শ্রেণীর এবং রুবেল তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল।
নগরকান্দা উপজেলার ডাঙ্গি ইউনিয়নের বোয়াইল গ্রামে সকাল ১১টার দিকে বজ্রপাতে মারা যান কুদ্দুস।
ডাঙ্গি ইউপি চেয়ারম্যান সবদার সাইফুজ্জামান চৌধুরী জানান, কুদ্দুস বোয়াইল গ্রামের পার্শ্ববর্তী গোয়াইলপুরার চকে জমিতে পাটবীজ বুনছিলেন। বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি মারা গেছেন।
এছাড়া জেলার চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের বিত্রসডাঙ্গি গ্রামে রুনী আক্তার (১৮) এবং সদর উপজেলার গেরদা ইউনিয়নের মল্লিকডাঙ্গি গ্রামে আলম সিকদার (৪০) ও অজ্ঞাতনামা আরেকজন আহত হয়েছেন।
এদের সবাইকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে স্থানীয় চেয়ারম্যান ও প্রতিবেশীরা জানান।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, আখাউড়া ও সরাইল উপজেলায় বজ্রপাতে চারজন নিহত হয়েছেন। বিকেলে আখাউড়া উপজেলার ছতুরা গ্রামে বজ্রপাতে মারা যায় তিন স্কুলছাত্র।
এরা হল- ছতুরা চানপুর উচ্চবিদ্যালয়ের ছাত্র রিমন মিয়া (১৫), একই স্কুলের রাব্বি (১২) এবং স্থানীয় একটি কিন্ডার গার্টেনের ছাত্রী খাদিজা বেগম (৮)।
স্থানীয় বাসিন্দা কবির হোসেন জানান, বিকেলে তারা আম কুড়াতে গেলে বজ্রপাতে তাদের মৃত্যু হয়।
সকালে সরাইল উপজেলার তেরকান্দা গ্রামে জমিতে কাজ করার সময় বজ্রপাতে মারা যায় শফিকুর রহমান (১৫) নামে এক কিশোর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/জিএনএ/এমএসবি/২০২৩ ঘ.
bdnews24