২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদকে অকার্যকর করতে চায় সরকারি দল: খালেদা

সরকারি দল জাতীয় সংসদকে অকার্যকর ও গণতন্ত্র ব্যাহত করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলের নেতা খালেদা জিয়া। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2009, 04:44 PM

Updated : 26 Aug 2022, 11:07 AM

ঢাকা, মার্চ ২ (বিডিউিজ ২৪ ডটকম)- সরকারি দল জাতীয় সংসদকে অকার্যকর ও গণতন্ত্র ব্যাহত করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলের নেতা খালেদা জিয়া। সোমবার রাতে গুলশানের দলীয় কার্যালয়ে এক ব্রিফিঙে তিনি সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন। খালেদা জিয়া বলেন,'' আমার বক্তব্য বাংলাদেশ টেলিভিশনে প্রচার না করে সংকীর্ণ ও হীন মানসিকতার পরিচয় দিয়েছে সরকার। বিরোধী দলের প্রতি এমন আচরণ করে তারা সংসদকে অকার্যকর ও গণতন্ত্র ব্যাহত করতে চায়।'' ব্রিফিঙে লিখিত বক্তব্যে বিএনপি চেয়ারপার্সন বিডিআর সদর দপ্তরে নারকীয় হত্যাকাণ্ডের বিষয়ে সংসদে তার দেওয়া বক্তব্য খণ্ডন করার সৎ সাহস সরকারের নেই বলেই তারা বিটিভিতে তা প্রচারে বাধা দিয়েছে বলে উল্লেখ করেন। সেইসঙ্গে তিনি পিলখানা হত্যাযজ্ঞে জড়িতদের গ্রেপ্তারে সেনা অভিযান শুরু হওয়ায় সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, ''সেনাবাহিনী নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন। তাদের কাজে যেন কারও কোনো প্রভাব বা হস্তক্ষেপ না করা হয়-এ দাবি আমরা জানাচ্ছি।'' খালদা জিয়া নিখোঁজ সেনা কর্মকর্তাদের অবিলম্বে খুঁজে বের করার জন্য সরকারের প্রতি দাবি জানান। সংসদে বিরোধী দলকে কটাক্ষ করে সরকারি দলের সদস্যদের দেওয়া বক্তব্য ফলাও করে বিটিভিতে প্রচারেরও নিন্দা জানান তিনি। প্রতিবেশী দেশের গোয়েন্দা সংস্থা ও সংবাদ মাধ্যমগুলো পিলখানা ট্র্যাজেডির বিষয়ে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন বিরোধী দলীয় নেত্রী। তিনি বলেন,''ওইসব সংবাদ মাধ্যমের সঙ্গে সুর মিলিয়ে সংসদে সরকারি দলের সদস্যরা বক্তব্য রাখছেন, যা রহস্যজনক ও যোগসাজসের ইঙ্গিত বহন করছে কিনা তা জনগন জানতে চায়।'' ব্রিফিঙে অন্যান্যের মধ্যে সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরী, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মাহমুদুল হাসান ও অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন। বিডিনিউজ ২৪ ডটকম/এসএম/এইচএ/২৩০০ঘ.