ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ ২৪ ডটকম) - বিডিআর বিদ্রোহে নিহত চার সেনা কর্মকর্তার লাশ মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, সিরাজগঞ্জ ও মাগুরায় তাদের পারিবারিক কবরস্থানে সোমবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
এরা হলেন- মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মিরেরগাঁও-এর মেজর মোশারফ হোসেন দেওয়ান, গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়ার লেফটেন্যান্ট কর্নেল বদরুল হুদা, সিরাজগঞ্জের লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম এবং মাগুরার লেফটেন্যান্ট কর্নেল রবি রহমান।
বিডিনিউজ ২৪ ডটকমের মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, গজারিয়া উপজেলার মিরেরগাঁও-এ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে মেজর মোশারফ হোসেন দেওয়ানের লাশ। এ সময় নবম আর্টিলারির ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুল আলম, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মাহবুব-উল ইসলাম, পুলিশ সুপার বিশ্বাস আফজাল হোসেন, ইউএনও রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
জাতীয় প্যারেড গ্রাউন্ডে জানাজা শেষে তার লাশ গজারিয়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে স্থানীয় মিরেরগাঁও ঈদগা ময়দানে আবার জানাজা অনুষ্ঠিত হয়। জানজায় এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন।
বাবার কবরের পাশে তাকে দাফন করা হয় বলে পারিবারের সদস্যরা জানান।
মেজর মোশারফের স্ত্রী লিপি আক্তার ৮ মাসের সন্তানসম্ভবা। তিনিও বিডিআর সদর দপ্তরে জিম্মি ছিলেন। বৃহস্পতিবার ছেলে আকিব হোসেনসহ মুক্তি পান।
একই জেলার মেজর হুমায়ুন কবিরকে সমাহিত করা হয় তার ঢাকার মানিকদি বাসভবন সংলগ্ন কবরস্থানে। এর আগে মানিকদি আদর্শ বিদ্যানিকেতন মাঠে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
নিহত মুন্সীগঞ্জের আরেক সেনা কর্মর্কতা মেজর মাহামুদুল হাসান স্বপনকে সমাহিত করা হয়েছে বনানী কবরস্থানে।
এদিকে শহীদ সেনা কর্মকর্তাদের আত্মার মাগফিরাত কমানা করে শহরের মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে সোমবার বিকেলে দোয়া ও শোকসভার আয়োজন করা হয়। শহরের কালী মন্দিরে মোমবাতি জ্বালিয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। মুন্সীগঞ্জ প্রেসক্লাবে শোক প্রস্তাব গ্রহণ ও বিশেষ দোয়া করা হয়। জেলা আইনজীবী সমিতি দুপুরে মিলাদ মাহফিলের আয়োজন করে। জেলা ছাত্রলীগ শোক প্রকাশ করেছে।
গোপালগঞ্জ প্রতিনিধি জানান, লেফটেন্যান্ট কর্নেল বদরুল হুদাকে সোমবার দুপুরে গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়া এলাকায় সমাহিত করা হয়েছে। এর আগে দুপুর ২টায় তার স্কুল শহরের এসএম মডেল স্কুল মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এতে বদরুলের বাবা গাজী মো. সামসুদ্দোহা, সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ গোপালগঞ্জের হাজার হাজার মানুষ অংশ নেন। এ সময় সবার বুকে ছিল কালো ব্যাজ।
ঢাকা থেকে দুপুর দেড়টার দিকে বিমান বাহিনীর হেলিকপ্টারে বদরুলের লাশ গোপালগঞ্জ নেওয়া হয়। সঙ্গে ছিলেন তার স্ত্রী নাসিমা বেগম লিজি এবং দুই মেয়ে মৌরী ও তামান্না।
লেফটেন্যান্ট কর্নেল বদরুল হুদাসহ শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণে সোমবার সকালে গোপালগঞ্জ শহরে শোক র্যালি বের হয়। এস.এম মডেল স্কুলের সামনে থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এতে জেলা আওয়ামী লীগ, উদীচীসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক, শ্রমজীবী, পেশাজীবী সংগঠনের সদস্যরা, স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা অংশ নেন।
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলামের লাশ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চৌবাড়িয়া গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এর আগে দুপুরে হেলিকপ্টারে করে তার লাশ এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে পৌঁছায়।
এখানে তার লাশ গ্রহণ করেন হাসপাতালের চেয়ারম্যান ডা. এমএম আমজাদ হোসেন ও বগুড়া সেনানিবাসের জিওসি মেজর জেনারেল ফেরদৗস মিয়া।
লাশের সঙ্গে ছিলেন শহীদ সাইফুলের স্ত্রী জবা ইসলাম ও তিন সন্তান।
এখানে সৈয়দপুর মডেল স্কুল মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সামরিক, বেসামরিক কর্মকর্তা ও এলাকার সর্বস্তরের কয়েকশত মানুষ জানাজায় অংশগ্রহণ করেন।
মাগুরা প্রতিনিধি জানান, জেলার শ্রীপুর উপজেলার তখলপুর গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে লেফট্যানেন্ট কর্নেল রবি রহমানের লাশ। ২১ পদাতিক ডিভিশনের ব্রিগেড কমান্ডার মো. রেজুয়ানুর হক চৌধুরীর নেতৃত্বে যশোর সেনানিবাসের সেনা সদস্যরা বিকাল ৩টায় তাকে দাফন করেন। লাশ দাফনের আগে তখলপুর কবরস্থান মাঠে সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। এর আগে তার জানাজা অনুষ্ঠিত হয়।
দাফনের সময় মাগুরা জেলা প্রশাসক বেগম ভিকারুন নেছা, পুলিশ সুপার আলী হোসেন ফকির, লে. কর্নেল রবি রহমানের বাবা কাজী ফাইজুর রহমান, স্ত্রী ডা. ফৌজিয়া রশিদসহ যশোর সেনানিবাসের উর্ধ্বতন কর্মকর্তা ও মাগুরা জেলার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
এরপর সেনা কর্মকর্তারা কবরে পুষ্পস্তবক দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানান।
বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৫৯ ঘ.
bdnews24