ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ২৪ ডটকম)-- দু'দিনের ব্যবধানেই বিডিআর বিদ্রোহে নিখোঁজ সেনা কর্র্মকর্তার সংখ্যা ৭২ থেকে মাত্র ৬ এ নেমে এসেছে। তবে বাকিদের খোঁজ পাওয়া গেছে তা নয় ,বরং বহু অফিসারকে তাৎক্ষণিকভাবে নিখোঁজ ধরে নেওয়া হয়েছিল বলেই সংখ্যাটি ৭২ এ উঠেছিল।
সোমবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে সেনা কর্তৃপক্ষ এ ব্যাপারে দু'দফা সংশোধনী দেয়। সেনাসদরে রাত সোয়া আটটায় শুরু হওয়া এক সংবাদ ব্রিফিংয়ে নিখোঁজ কর্মকর্তার সংখ্যা ৭২ এর বদলে ৭ বলে জানানো হয়। এরপর রাত ১১টা ২০ মিনিটে ফ্যাক্সে পাঠানো আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তদরের এক 'পুনঃসংশোধিত' সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন পর্যন্ত ৬ কর্মকর্তা নিখোঁজ রয়েছেন।
এর আগে শনিবার সেনাসদরে এক ব্রিফিং এ নিখোঁজ সেনা কর্মকর্তার সংখ্যা ৭২ বলে জানানো হয়েছিল।
তবে সোমবারের ব্রিফিংয়ে চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল সিনা ইবনে জামালী বলেছিলেন, হিসেবে দু'একজনের গরমিল থাকতে পারে।
হিসেবের এ গরমিল সম্পর্কে ব্রিফিংয়ে বলা হয়, প্রাথমিক খবরে ঘটনার দিন পিলখানায় ১৬৮ জন কর্মকর্তা ছিলেন বলে ধরে নেওয়ায় এ ভুল হয়েছে।
সোমবার সন্ধ্যারাতের ব্রিফিং-এ সিজিএস লেফটেন্যান্ট জেনারেল জামালী প্রথম দফা সংশোধিত তথ্য দিয়ে বলেন, "এখনো ৭ জন নিখোঁজ রয়েছে। ৫৬টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবারের ব্রিফিং এ জানানো হয়েছিল এ সংখ্যা ৬৩। এছাড়া ৪০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আগে জানানো হয়েছিল এ সংখ্যা ৩৩।"
ব্রিফিংয়ে জানানো হয় এখন পর্যন্ত কর্নেল গুলজার আহমেদ, লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুর এলাহী, মেজর আবু সাঈদ গাজ্জালী দস্তগীর, মেজর আহমেদ আজিজুল হাকিম, মেজর কাজী আশরাফ হোসেন, মেজর মকবুল হোসেন ও ক্যাপ্টেন তানভীর হায়দার নূর-এই সাতজন নিখোঁজ রয়েছেন।
পরে রাত ১১টার বিজ্ঞপ্তিতে মেজর মকবুল হোসেনের নাম নিখোঁজের তালিকা থেকে বাদ দেওয়া হয়।
বিডিআর বিদ্রোহে বেশ কিছু কর্মকর্তার মর্মান্তিক মৃত্যুর পর এ নতুন তথ্য নিঃসন্দেহে সেনাবাহিনীর জন্য একটি বড় স্বস্তির খবর।
জামালী বলেন, "অনেক অফিসারের আত্মীয়-স্বজন তাদের খোঁজ নেওয়া শুরু করেছিল। তারা জানতেন না ওই অফিসাররা কোথায় আছেন। আমরাও ওই পরিস্থিতিতে তাদের নিখোঁজ ধরে নিয়েছি।"
সিজিএস বলেন, হয়ত ওই অফিসাররা সে মুহূর্তে অন্যখানে ছিলেন। তাদেরকেই আমরা ধরে নিয়েছিলাম নিখোঁজ। পরে দেখা যায় আসলে তারা বিভিন্নখানে আছেন।
লেফটেন্যান্ট জেনারেল জামালী জানান, এরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণে 'টেম্পোরারি ডিউটিতে' ছিলেন। এটা জানার পর হিসাব করা হয়। সে জন্যই নিশ্চিত হতে এত সময় লেগেছে।
সারা দেশ ও অন্যান্য প্রতিষ্ঠান থেকে এসব অফিসার এসেছিলেন উল্লেখ করে তিনি বলেন, এক দু'জনের ব্যাপারে হয়ত ভুল হতে পারে।
প্রধানমন্ত্রী রোববার সেনাসদরে অফিসারদের দুঃখ-বেদনার কথা শুনে সব বিষয়ে আইনানুগ ত্বরিৎ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে উল্লেখ করেন জামালী। তিনি জানান, গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলোর মধ্যে একটি হচ্ছে বিচারের জন্য বিশেষ ট্রাইবুনাল। তদন্ত কমিটিতে সশস্ত্র বাহিনীর ব্রিগেডিয়ার পদমর্যাদার তিনজন কর্মকর্তাকে রাখার সিদ্ধান্তও তখনই হয়।
বিডিআর নামটি বদলে ফেলার ব্যাপারেও সিদ্ধান্ত হয়েছে বলে জানান সিজিএস। তিনি আরো বলেন, লেফনেট্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে সেনাবাহিনীর নিজস্ব তদন্ত কমিটি মঙ্গলবার থেকে কাজ শুরু করবে।
জামালী বলেন, উদ্ধার করা তিনটি লাশের পরিচয় জানা যায়নি। ডিএনএ পরীক্ষার পর ওই তিনজন নিখোঁজ সাতজনের কেউ কিনা জানা গেলে বলা যাবে মোট কতজন অফিসার ছিলেন পিলখানায়।
সেনাবাহিনী ও সরকারের তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে সরকার ও সংস্থা বিবেচনায় আনবেন কতুটুক জনগণকে জানানো যাবে, কতটুকু জানানো যাবে না।
পিলখানায় বাইরে থেকে গাড়ি প্রবেশ, বিডিআর সদস্যদের পলায়ন, বাইরে মিছিল এসব বিষয়ে জানতে চাইলে সিজিএস বলেন, "এসব তদন্ত সাপেক্ষ বিষয়।"
সেনাবাহিনী আগে উদ্যোগ নিলে প্রাণহানি কম হতো-এ ধরণের মন্তব্য সম্পর্কে তার মত জানতে চাওয়া হলে জামালী বলেন, "সরকারের নিজস্ব ব্যবস্থা আছে। রাষ্ট্রীয় পর্যায়ে যা ভালো মনে করেন সে সিদ্ধান্ত হয়।"
বিডিনিউজ ২৪ ডটকম/এমআরএফ/এসকে/২৩৫৪ঘ.
bdnews24