ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ ২৪ ডটকম)- সোমবার সন্ধ্যা সাতটা পর্যন্ত বিডিআর বিদ্রোহের সময় বা পরে পালিয়ে যাওয়া এবং অনুপস্থিত প্রায় এক হাজার ৬শ' বিডিআর সদস্য পিলখানায় সদরদপ্তরে রিপোর্ট করেছেন।
রিপোর্টিং প্রক্রিয়ায় দায়িত্বরত একজন সেনা কর্মকর্তা বিডিনিউজ ২৪ ডটকমকে জানান, সন্ধ্যা ৭টা পর্যন্ত বিডিআর সদরদপ্তরের চার নম্বর ফটকে (রাইফেলস স্কোয়ার সংলগ্ন) ১৬শ' জন বিডিআর সদস্য রিপোর্ট করেছেন। তাদের প্রায় সবাইকেই ১৫ দিনের ছুটিতে পাঠানো হয়।
তবে জরুরি প্রয়োজনে কিছু কিছু সদস্য যেমন গাড়ির চালক, পাচক এবং পরিচ্ছন্নতাকর্মীদের রাখা হয়েছে।
ওই সেনা কর্মকর্তা আরো জানান, রিপোর্টিং প্রক্রিয়া চলছে। প্রয়োজনে তাঁবু টাঙিয়ে রাতেও কাজ চালিয়ে যাওয়া হবে।
সোমবার সকাল থেকেই পিলখানা এলাকায় রিপোর্ট করতে ভিড় করেন কয়েক হাজার সদস্য। তবে শুধুমাত্র পোশাক পরিহিত হাজারখানেক সদস্যকে রাইফেলস স্কোয়ারের ভেতরের খালি জায়গায় নিয়ে বসানো হয়। সেখান থেকে কয়েকজন করে ভেতরে ঢোকানো হয়।
অন্যদিকে পোশাক ছাড়া কয়েক হাজার বিডিআর সদস্য রিপোর্ট করার অপেক্ষায় পরিবার-পরিজন নিয়ে বাইরে দিনভর অপেক্ষা করেন। তাদের বিষয়ে সোমবার সন্ধ্যা পর্যন্ত চূড়ান্ত কোন সিদ্ধান্ত হয়নি।
শনিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিডিআর সদরদপ্তরে সংঘটিত ঘটনার পরিপ্রেক্ষিতে ছুটি ছাড়া অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত বিডিআর সদস্যদের পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেয়।
ঘোষণার পর ওইদিন বিকেল থেকেই বিডিআর সদস্যরা সদরদপ্তরে রিপোর্ট করতে আসছেন। রোববার রাত আটটা পর্যন্ত রিপোর্টিং চলার পর এ প্রক্রিয়া স্থগিত করা হয়। বাকিদের সোমবার সকালে আসতে বলা হয়।
বিডিনিউজ ২৪ ডটকম/এলএইচ/জিএমএ/এএনএস/এসকে/১৯৫৫ঘ.
bdnews24