ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনার বটিয়াঘাটায় শুক্রবার রাতে আগুনে ১০টি দোকান ঘর পুড়ে গেছে। নীলফামারীর ডোমারে পুড়ে গেছে ২৫টি বসত ঘর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির পাঠানো সংবাদ-
খুলনা: বটিয়াঘাটা উপজেলার কৈয়া বাজারে শুক্রবার রাত ৩টার দিকে আগুনে ১০টি দোকান ঘর সম্পূর্ণ পুড়ে গেছে।
এতে প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্তরা ব্যবসায়ীরা জানিয়েছেন।
কৈয়া বাজারের মুদি দোকানী রেজাউল করিম জানান, রাতে অন্যদের মতো তিনিও দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। রাত আনুমানিক ৩টার দিকে তারা অগ্নিকাণ্ডের খবর পান।
তার দোকান ছাড়াও আগুনে অনিল রায়, শাহজাহান আকন, সুখদেব মণ্ডল, দিলীপ দাস, আহসান হাবিব, রুস্তম মৃধা, সুনীল মল্লিক, অসীম মণ্ডল ও হারুন আকন্দের মুদি দোকান পুড়ে যায় বলে জানান তিনি।
স্থানীয় লোকজন দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।
শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা যায়নি।
নীলফামারী: ডোমার উপজেলায় চিকন মাটি দোলাপাড়া গ্রামে আগুনে ১২ পরিবারের ২৫টি ঘর পুড়ে গেছে।
এতে নগদ টাকা, আসবাবপত্র, গরু-ছাগলসহ প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে এলাকাবাসী জানান।
নীলফামারী সার্কেল পুলিশের সহকারী সুপারিনটেনডেন্ট (এএসপি) সাজ্জাদুর রহমান এলাকাবাসীর বরাত দিয়ে জানান, চিকন মাটি দোলাপাড়া গ্রামের মহির উদ্দিনের গোয়াল ঘরে জ্বালানো মশার কয়েল থেকে আগুন লাগে। এতে তার পার্শ্ববর্তী ২৫টি ঘর পুড়ে যায়। এ সময় ঘরে থাকা আসবাবপত্র, নগদ টাকা, ধান, চাল, গবাদি পশু, হাঁস-মুরগি আগুনে পুড়ে যায়।
প্রায় ৫ ঘণ্টা স্থায়ী আগুন জ্বলার সময় খবর পেয়েও ডোমার দমকল বাহিনীর ইউনিট ঘটনাস্থলে আসেনি। পরবর্তীতে নীলফামারী দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এ ব্যাপারে মোবাইল ফোনে ডোমার দমকল বাহিনীর স্টেশন ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করলেও তিনি কথা বলতে রাজি হননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২০২ ঘ.
bdnews24