বরিশাল, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশাল নগরীর আগরপুর রোডে অবস্থিত সরকারি মহিলা কলেজের রওশন জাহান ছাত্রী নিবাসের তৃতীয় তলার ছাদ থেকে শনিবার সকালে অগ্নিদগ্ধ এক ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত ছাত্রীর নাম- মানজিলা শারমিন (২১)। তিনি এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। মেহেন্দীগঞ্জ উপজেলার কালিকাপুর এলাকার হেলাল উদ্দিনের মেয়ে তিনি।
পুলিশ ঘটনাস্থল থেকে কেরোসিনের একটি কন্টেইনার ও একটি দিয়াশলাই বক্স উদ্ধার করেছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে প্রেমের কারণে মানজিলা আত্মহত্যা করেছেন।
কোতয়ালী থানা পুলিশ তার লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
কলেজ ক্যাম্পাসে মর্মান্তিক এ ঘটনায় স্তম্ভিত হয়ে পড়েন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা। ঘটনার পর সকালে কলেজ অঘোষিত ছুটি হয়ে যায়।
ঘটনাস্থল পরিদর্শন করার পর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম জানান, এ ব্যাপারে কোতয়ালী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান তিনি।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিন জানান, কেন এ রকমের ঘটনা ঘটেছে তা অনুসন্ধানে একটি তদন্ত কমিটি করা হবে।
মানজিলার রুমেমেট চম্পা জানান, ওই কক্ষে আটজন থাকতেন। তবে শুক্রবার রাতে তারা চারজন কক্ষে ছিলেন। রাত ১ টার দিকে অন্যরা ঘুমিয়ে গেলেও মানজিলা জেগে ছিলেন।
চম্পা জানান, শনিবার সকাল পৌনে ৭ টার দিকে স্বামী রিয়াজ কলেজের গেটে এসে মানজিলার মোবাইল ফোনে কল দেন। তিনি ফোন না ধরায় ৭ টা ৫ মিনিটের সময় তার (চম্পার) মোবাইলে ফোন দেন রিয়াজ।
ডালিয়া ও তিথিসহ তিনি হোস্টেলের বিভিন্ন স্থানে খুঁজে না পেয়ে ভবনের ছাদে গিয়ে মানজিলার দগ্ধ বিকৃত কংকালসার লাশ দেখতে পান। পরে তার বিষয়টি কলেজ প্রশাসন এবং রিয়াজকে জানান। এরপর রিয়াজ সেখান থেকে চলে যায়।
ওই হোস্টেলের সহকারী সুপার গণিত বিভাগের প্রভাষক ললনা বসু জানান, মানজিলা ছিল চাপা স্বভাবের। এ কারণে তার সম্পর্কে তেমন কোন ধারণা নেই শিক্ষকদের।
কলেজের কর্মকর্তারা জানান, ২০০৫-০৬ সেশনে মানজিলা সরকারি মহিলা কলেজের এইচএসসিতে বিজ্ঞান বিভাগে ভর্তি হন। আগে দুবার পরীক্ষা দিয়ে অকৃতকার্য হয়েছিলেন। আগামী মাসে অনুষ্ঠেয় পরীক্ষায় অংশ নিতে ফরমও পুরণ করেছিলেন।
ছাত্রী নিবাসের কক্ষে পাওয়া মানজিলার ডায়েরি থেকে জানা যায়, কলেজে ভর্তির প্রথম বছরে মানজিলা প্রেমের সূত্র ধরে একই উপজেলার খোন্তাখালী গ্রামের শামছুল আলমের ছেলে রিয়াজ আলমকে গোপনে বিয়ে করেন।
রিয়াজ নগরীর চাঁদমারী এলাকার একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। কিন্তু মানজিলার পরিবার তাদের বিয়ে মেনে নেয়নি।
পুলিশের সংগৃহীত আলামত এবং নিহতের মোবাইল ফোনে দেখা যায় রাত ৩ টা ৫৩ মিনিট ৪৩ সেকেন্ডে রিয়াজ সর্বশেষ কল করেছিলেন মানজিলাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৪০ ঘ.
bdnews24