ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারী জেনারেল ব্যারিস্টার আবদুর রাজ্জাককে বিদেশ যেতে বাধা দেওয়ার অভিযোগে সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় দায়ের করা হয়েছে।
বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর হাইকোর্ট বেঞ্চে ব্যারিস্টার রাজ্জাক বৃহষ্পতিবার এই মামলাটি দায়ের করেন।
স্বরাষ্ট্র সচিব, অভিবাসন ডিজি, পুলিশের আইজি ও বিমানবন্দর থানার ওসির বিরুদ্ধে রাজ্জাক আদালত অবমাননার মামলাটি দায়ের করেন। তার পক্ষে ব্যারিস্টার তানভির আহমেদ আল আমিন শুনানি করেন।
অন্যপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সময়ের আবেদন জানান। আদালত সময় মঞ্জুর করে আগামী সোমবার আদেশের দিন নির্ধারণ করেন।
মামলার আবেদনে বলা হয়, গত ৮ মার্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে বিদেশ যেতে ও ফিরে আসতে বাধা না দেওয়ার জন্য হাইকোর্ট সরকারকে নির্দেশ দিয়েছিল। কিন্তু এরপর ১৮ মার্চ রাতে তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন স্ত্রীকে দেখতে যাওয়ার সময় বিমানবন্দরে তাকে আটকে দেওয়া হয়।
এর আগে গত ৭ মার্চ মালয়েশিয়া যাওয়ার সময় বিমানবন্দরে অভিবাসন পুলিশ ব্যারিস্টার রাজ্জাককে বাধা দিয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/২১৪৩ঘ.
bdnews24