২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিবাদ দেশের বড় সমস্যা: অর্থমন্ত্রী

জঙ্গিবাদ দেশের জন্য একটি বড় সমস্যা বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেন, "জঙ্গিরা আমাদের ধ্বংস করে দিতে চায়। এদের নির্মূল করা না গেলে মাথা উঁচু করে দাঁড়ানো যাবে না।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2009, 03:11 PM

Updated : 26 Aug 2022, 11:12 AM

সিলেট, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জঙ্গিবাদ দেশের জন্য একটি বড় সমস্যা বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেন, "জঙ্গিরা আমাদের ধ্বংস করে দিতে চায়। এদের নির্মূল করা না গেলে মাথা উঁচু করে দাঁড়ানো যাবে না।" বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় সিলেটের জেলা পরিষদ মিলনায়তনে 'নগর উন্নয়ন পরিকল্পনা' শীর্ষক এক মতবিনিময় সভায় অর্থমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, "জঙ্গিবাদ নির্মূলে দেশের জনসাধারণকে এগিয়ে আসতে হবে। আইন প্রয়োগকারী সংস্থাগুলোকেও এ ব্যাপারে জোরালো ভূমিকা পালন করতে হবে।" মুহিত বলেন, "সিলেট সিটি করপোরেশনের জন্য যে মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে তা নতুন কিছু নয়। অতীতে বড় বড় শহরে ও বৃহৎ কাজে এ ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তবে সর্বাগ্রে সিটি করপোরেশনের প্রধান সমস্যাগুলো চিহ্নিত করতে হবে।" নাগরিক চাহিদা চিহ্নিত করতে সুধী মহলের পরামর্শ চেয়ে তিনি বলেন, "নাগরিকরা তাদের সমস্যা ও পরিকল্পনার কথা সিটি করপোরেশনকে লিখিতভাবে জানালে মহাপরিকল্পনা গ্রহণে সুবিধা হবে।" অর্থমন্ত্রী জানান, সিটি করপোরেশনের পরিকল্পনা শাখার (প্লানিং ইউনিট) মাধ্যমে সিলেটের উন্নয়নে ২০ বছর মেয়াদী একটি মহাপরিকল্পনা প্রণয়ন করা হবে। মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- সিটি করপোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সভাপতি আ ন ম শফিকুল হক, মহানগর আওয়ামী লীগের সভাপতি সিরাজ বকস, আওয়ামী লীগ নেতা অহিদ উদ্দিন তোফা, সিটি কাউন্সিলর রেজওয়ান আহমদ, ফরহাদ চৌধুরী শামীম, আজিজুল হক মানিক, জামাল আহমদ, আবদুর রকিব বাবলু, নাজনীন আক্তার কণা প্রমুখ। বিভাগীয় কমিশনার ড. জাফর আহমেদ খান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সৈয়দ তৌফিক উদ্দিন আহমদ, জেলা প্রশাসক সাজ্জাদুল হাসান ও সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আবদুল নূর এ সময় উপস্থিত ছিলেন। বিকালে অর্থমন্ত্রী ভাষা সৈনিক পীর হবিবুর রহমান স্মৃতি পাঠাগারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। সকাল সাড়ে ৯টায় অর্থমন্ত্রী নগরীর উপকণ্ঠ মেজরটিলায় বন্ধ হয়ে যাওয়া সিলেট টেক্সটাইল মিল পরিদর্শন করেন। এ সময় সিলেট সদর উপজেলা পরিষদের চেযারম্যান আশফাক আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আ ন ম শফিকুল হক, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সরকারি কর্মকর্তা এবং শ্রমিক সংগঠনের নেতারা তার সঙ্গে ছিলেন। কারখানাটি আবার চালু করা হবে কিনা জানতে চাইলে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, "এখন বিশ্বমন্দা চলছে। এ সময় বিনিযোগকারীদের মধ্যে আগ্রহ কম। এ মুহূর্তে কারখানাটি চালুর বিষয়ে ভাবার অবকাশ নেই।" পরবর্তী সময়ে কারখানাটি চালু করার বিষয়টি বিবেচনা করা হবে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫৮ ঘ.