২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাক্ষাৎকার দ্রুত পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা উচিত: সিএস করিম

নির্ভরযোগ্যতা ও মূল্যের বিবেচনায় বাংলাদেশে জ্বালানি চাহিদা মিটাতে দ্রুত পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা উচিত বলে মনে করেন আণবিক শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান পরমাণু বিজ্ঞানী ড. সি এস করিম। বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক বিশেষ সাক্ষাতকারে তিনি তুলে ধরেন তার ভাবনা। মারুফ মল্লিক জানাচ্ছেন বিস্তারিত

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2009, 06:30 PM

Updated : 26 Aug 2022, 11:12 AM

ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--নির্ভরযোগ্যতা ও মূল্যের বিবেচনায় বাংলাদেশে জ্বালানি চাহিদা মিটাতে দ্রুত পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা উচিত। আণবিক শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান পরমাণু বিজ্ঞানী ড. সি এস করিম বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক বিশেষ সাক্ষাতকারে এ কথা বলেন। তিনি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, এ ধরনের বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ব্যয় প্রচলিত বিদ্যুৎ কেন্দ্রগুলোর তুলনায় বেশি হলেও পরিচালনা ব্যয় তুলনামুলকভাবে কম। ৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য বর্তমান মূল্য অনুসারে ১ দশমিক ২ বিলিয়ন ডলার ব্যয় হবে। তবে জ্বালানির জন্য ব্যয় হবে ৪০-৪৫ মিলিয়ন ডলার। অন্যদিকে একই ক্ষমতার তেল বা কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে অপেক্ষাকৃত কম ব্যয় হলেও বছরে জ্বালানি খাতে ব্যয় হবে কমপক্ষে ১২০ মিলিয়ন ডলার। একটি কয়লাভিত্তিক প্ল্যান্টে বছরে ৪৫০ মিলিয়ন ডলার ব্যয় করতে হয় জ্বালানির জন্য। সি এস করিম বলেন, একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে কত সময় লাগবে এটা নির্ভর করে এর যন্ত্রপাতি পরিবহনের ওপর। শুরু করার পর থেকে ৫ বছর সময় লাগবে নির্মাণ কাজ সম্পন্ন করতে। আরও এক বছর লেগে যাবে চুক্তি সম্পাদনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে দেশে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের বিষয়ে দাতা গোষ্ঠীর সঙ্গে আলোচনার কথা বলার পর ড. সি এস করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা বললেন। সারা বিশ্বে ৪৪০টি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র চালু আছে উল্লেখ করে এ বিশেষজ্ঞ বলেন, বিদ্যুৎ কেন্দ্র গুলো যে পরিমাণ বিদ্যুৎ গত বছর উৎপাদন করেছে জ্বালানি তেল দিয়ে সে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে গেলে প্রতিদিন ১০ থেকে ১২ মিলিয়ন ব্যারেল ব্যয় করতে হতো। পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের যখন চুক্তি করা হয় তখন সাধারণত আজীবন জ্বালানি সরবরাহের চুক্তিও করা হয়। সিএস করিম উল্লেখ করেন, ফ্রান্সের ৭৮ ভাগ বিদ্যুৎ পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে আসে। পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বিপুল পরিমাণ শক্তির যোগান দিলেও এর ব্যবস্থাপনাগত দিক নিয়ে কিছু শঙ্কা আছে। এ পর্যন্ত রাশিয়ার চেরনোবিল ও যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় দুটি বড় দুর্ঘটনা হয়েছে যদিও চুল্লির সংখ্যার তুলনায় এ হার কম। সিএস করিম বলেন, "কোনও বিদ্যুৎ কেন্দ্র মোট চাহিদা বা সঞ্চালন ক্ষমতার ১০ ভাগের বেশি উৎপাদন করতে পারে না। সেক্ষেত্রে আমাদের এখানে ৩০০ থেকে ৬০০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা যেতে পারে। কারণ আগামী ৬ বছরের চাহিদা ৬০০০ মেগাওয়াটে দাঁড়াবে। একটি বিদ্যুৎ কেন্দ্র সাধারণত ৪০ বছর বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়। সাবেক উপদেষ্টা আরো বলেন, পরমাণু আমাদের জ্বালানির বিকল্প উৎস হতে পারে। নবায়নযোগ্য জ্বালানির মধ্যে জল, বায়ু ও সৌর বিদ্যুতের সম্ভাবনা 'অল্প' বলে মত দেন তিনি। বিশ্বে পরিবেশ অনুক ূল শক্তি সৌর বিদ্যুতের বিপুল সম্ভাবনা থাকলেও এখন পর্যন্ত তা কারিগরী ও ব্যয়ের দিক থেকে যথেষ্ট সহজলভ্য ও সাশ্রয়ী নয়। তবে এ নিয়ে নিরন্তর গবেষণা কাজ চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/২৩৫৮ঘ.