ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে গত ৭ বছরে ৬৮০ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন।
বুধবার সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
সরকার দলীয় সাংসদ মো. ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে থাকার সময় আত্মহত্যা, হৃদরোগে আক্রান্ত হয়ে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এবং অস্ত্র উদ্ধার অভিযানের সময় তারা প্রাণ হারিয়েছেন।
এসব মৃত্যুর ঘটনার কারণ উদঘাটনের জন্য কোনো সংসদীয় বা বিচার বিভাগীয় কমিটি গঠন করা হবে কি না- ইসরাফিল আলমের আরেক প্রশ্নের জবাবে সাহারা খাতুন বলেন, "এসব মৃত্যুর ঘটনায় এখন পর্যন্ত কোনো সংসদীয় বা বিচার বিভাগীয় কমিটি গঠন করার উদ্যোগ নেওয়া হয়নি।"
এসব ঘটনায় পুলিশ রেগুলেশনস অব বেঙ্গল-এর ১৫৭ ধারা অনুযায়ী নিবার্হী তদন্ত করা হয়েছে বলেও জানান তিনি।
আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "ধর্মীয় জঙ্গিবাদ নির্মূল এবং জেএমবি'র গডফাদারদের চিহ্নিত করতে সরকারের পরিকল্পনা রয়েছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে একটি সন্ত্রাস নিরোধ কৌশলপত্র প্রণয়নের প্রক্রিয়া চলছে। এছাড়াও জঙ্গিদের অর্থের উৎস ও সরবরাহ নিয়ন্ত্রণেও সরকার এনজিওদের কার্যক্রম তদারকি করছে।"
সাংসদ নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে তথ্য মন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, "মালয়েশিয়া সরকার যে ৭০ হাজার ভিসা বাতিল করেছে সে বিষয়ে আলোচনার জন্য আগামী কয়েক দিনের মধ্যে সরকারের দুইজন মন্ত্রী সেদেশে যাচ্ছেন। বিষয়টি সরকার খুবই গুরুত্বের সঙ্গে দেখছে। এ জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।"
আরেক প্রশ্নের জবাবে তথ্য মন্ত্রী বলেন, "বিগত সরকার রাজনৈতিক বিবেচনায় বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোতে তাদের লোক নিয়োগ দিয়েছিল। তারা শ্রমিকদের কোনো স্বার্থ দেখেননি। কিন্তু এখন আর তা হতে দেওয়া হবে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/কেআরসি/এসইউএম/এএল/এইচএ/২০৪৫ঘ.
bdnews24