২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার জঙ্গিদের ব্যাপারে সতর্ক করলেন ডিএমপি কমিশনার

ঢাকা মহানগরের নব নিযুক্ত পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক তার অধীনস্থ সব পুলিশ সদস্যকে জঙ্গিদের ব্যাপারে সজাগ থাকার আহবান জানিয়েছেন। বুধবার সকালে রাজারবাগ পুলিশ লাইনে মহানগরীর সকল পর্যায়ের পুলিশ সদস্যের সঙ্গে এক বৈঠকে শহীদুল হক এ আহবান জানিয়ে বলেন, "জঙ্গিরা মাথা চাড়া দিয়ে উঠছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2009, 01:58 PM

Updated : 26 Aug 2022, 11:12 AM

ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা মহানগরের নব নিযুক্ত পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক তার অধীনস্থ সব পুলিশ সদস্যকে জঙ্গিদের ব্যাপারে সজাগ থাকার আহবান জানিয়েছেন। বুধবার সকালে রাজারবাগ পুলিশ লাইনে মহানগরীর সকল পর্যায়ের পুলিশ সদস্যের সঙ্গে এক বৈঠকে শহীদুল হক এ আহবান জানিয়ে বলেন, "জঙ্গিরা মাথা চাড়া দিয়ে উঠছে।" সজাগ থাকার আহ্বান জানিয়ে সুনির্দিষ্টভাবে ইংলিশ মিডিয়াম স্কুলসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর দিকে খেয়াল রাখা ও গোপন তথ্য সংগ্রহ করার পরামর্শ দেন কমিশনার। গত সোমবার মন্ত্রীসভার বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক প্রতিবেদনে জঙ্গিদের বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী জঙ্গি সংগঠনগুলোর বিষয়ে সজাগ ও সতর্ক থাকতে জনগণকে অনুরোধ জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে বৈঠকে উপস্থিত পুলিশের এক পরিদর্শক জানান, কনস্টেবল পর্যন্ত পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। মূলত মহানগর পুলিশের নতুন প্রধান হিসাবে সবার সঙ্গে পরিচিতি হতে কমিনার এই বৈঠক করেন। এতে তিনি জঙ্গিদের ব্যাপারে সকল পুলিশ অফিসারকে 'চোখ কান মুখ' খোলা রাখার আহ্বান জানান। পুলিশ কর্মকর্তা জানান, উপস্থিত অনেক পুলিশ সদস্য বিগত দিনে পুলিশের ডিসিপ্লিন শাখার কর্মকাণ্ড নিয়ে কথা বলেন। তাদের কথার পরিপ্রেক্ষিতে পুলিশ কমিশনার সবাইকে স্বাধীনভাবে কাজ করার পরামর্শ দেন। কমিশনার বলেন, "আর আপনাদের পেছনে কেউ ক্যামেরা নিয়ে ঘুরবে না। আপনারা মুক্ত পরিবেশে কাজ করুন এবং দায়িত্বশীলতার পরিচয় দিন। তবে কারো বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। " প্রসঙ্গত: ঢাকা মহানগর পুলিশের কর্মকাণ্ড খতিয়ে দেখতে পুলিশের ডিসিপ্লিন শাখার সদস্যরা ক্যামেরা নিয়ে বিভিন্ন থানায় গোপনে কাজ করতেন। তাদের কাজের প্রতি থানা পুলিশ এটাই ক্ষিপ্ত ছিল যে গত মাসে শাহবাগ থানা পুলিশ ডিসিপ্লিন শাখার সদস্যদের মারধর করে। গত শনিবার এ কে এম শহীদুল হক ঢাকা মহানগর পুলিশ কমিশনারের (চলতি দায়িত্বে) দায়িত্ব গ্রহণ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসকে/১৯৩৬ঘ.