২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারকের বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ তুললেন আইনজীবী

নৈতিক স্খলনের অভিযোগ তুলে ঢাকার একটি আদালতের বিচারকের বিচারিক ক্ষমতা প্রত্যাহারের আরেদন জানিয়েছেন একজন আইনজীবী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2009, 01:26 PM

Updated : 26 Aug 2022, 11:12 AM

ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নৈতিক স্খলনের অভিযোগ তুলে ঢাকার একটি আদালতের বিচারকের বিচারিক ক্ষমতা প্রত্যাহারের আরেদন জানিয়েছেন একজন আইনজীবী। মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক কণিকা বিশ্বাসের বিচারিক ক্ষমতা প্রত্যাহারের এই আবেদন জানান ঢাকা আইনজীবী সমিতির সদস্য মো. বদিউজ্জামান তপাদার বদিউল। গত রোববার প্রধান বিচারপতি বরাবর লিখিত আবেদনে তিনি কণিকা বিশ্বাসের বিরুদ্ধে 'পক্ষপাত ও প্রতিহিংসার বশবর্তী হয়ে' মামলার আদেশ দেওয়ার অভিযোগ করেন। আবেদনের কপি সোমবার সাংবাদিকদের কাছে সরবরাহ করা হয়। এতে বলা হয়, একটি প্রতারণা মামলায় কণিকা বাদির পক্ষ নেন এবং অভিযুক্তের জামিন স্থায়ী করতে অস্বীকৃতি জানান। প্রতারণা মামলার জামিন পাওয়া এক আসামির পক্ষে স্থায়ী জামিনের জন্য গত বছরের ১০ সেপ্টেম্বর কণিকা বিশ্বাসের কাছে একটি আবেদন দাখিল করেন আইনজীবী মো. বদিউজ্জামান । মামলাটির প্রাথমিক শুনানি শেষে কণিকার আদালত থেকে বিচারের জন্য অন্য একটি আদালতে মামলাটির নথি বদলির জন্য ওই তারিখ ধার্য ছিল। কিন্তু কণিকা এ মামলায় বাদির পক্ষ নিয়ে অভিযুক্তের জামিন স্থায়ী করতে অস্বীকৃতি জানান বলে অভিযোগ করেছেন ওই আইনজীবী । আবেদনে বলা হয়, কণিকা অন্যায়ভাবে অভিযুক্তকে বাদির টাকা ফেরত দেওয়ার জন্যও মুচলেকা নেন এবং ওই মামলার নথি বিচারের জন্য বদলি না করে হাজিরার ফাইলে রেখে দেন। বিষয়টি মুখ্য মহানগর হাকিমের কাছে জানানো হলে হাকিম একেএম এনামুল হক নথিটি পরীক্ষা করে ওই মামলার বিচার ও মামলা নিষ্পত্তির জন্য অন্য মহানগর হাকিম ফেরদৌস আরার কাছে পাঠিয়ে দেন। বিচারক ফেরদৌস আরা নথিটি গ্রহণ করে গত ১৬ ফেব্র"য়ারি মামলার বাদি ও আসামির উপস্থিতি এবং অভিযোগ গঠনের জন্য তারিখ ধার্য করেন। কিন্তু ফেব্র"য়ারি মাসের প্রথমদিকে অভিযুক্ত তার আইনজীবী বদিউজ্জামানকে জানান যে তার জামিন বাতিল করা হয়েছে। একথা শুনে বদিউজ্জামান মামলার নথি পরীক্ষা করে দেখেন, বাদি ইতোমধ্যে মামলার তারিখ এগিয়ে আনার আবেদন করলে ওই দরখাস্ত মঞ্জুর করে বিচারক ফেরদৌস আরা গত ২৭ জানুয়ারি তারিখ ধার্য করেছেন। একইসঙ্গে তিনি ওই তারিখে আসামিকে অনুপস্থিত দেখিয়ে তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেছেন এবং ২ মার্চ অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য করেছেন। নিয়ম ভেঙে আসামিপক্ষের আইনজীবীকে নোটিশ না দিয়ে অথবা কোনভাবে না জানিয়ে ফেরদৌস আরা কণিকা বিশ্বাসের অন্যায় প্রভাবে পড়ে তা করেন বলে আবেদনে দাবি করা হয়। আবেদনে এ কাজকে এখতিয়ার বহির্ভূূত, বেআইনি ও ক্ষমার অযোগ্য বলে আখ্যায়িত করা হয়। অ্যাডভোকেট বদিউজ্জামান তার আবেদনে আরো বলেন, পরে তার অন্য একটি অর্থ আত্মসাৎ ও প্রতারণা মামলায়ও নিয়ম ভেঙে আসামীর জামিন নামঞ্জুর করেছেন ওই বিচারক। দ্বিতীয় ওই মামলাটির বিস্তারিত বর্ণনা দিয়ে বদিউজ্জামান প্রধান বিচারপতির কাছে দেওয়া আবেদনে বলেন, ওই মামলায় তার বক্তব্য না শুনেই কণিকা বিশ্বাস 'একতরফা ও অন্যায়ভাবে' আসামীদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। তার প্রতি প্রতিহংসার বশবর্তী হয়েই কণিকা এটি করেন বলে বদিউজ্জামান দাবি করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এজে/এসকে/১৯১৮ঘ.