২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমুদ্রসীমা নির্ধারণে ভারতের সঙ্গে বৈঠক শুরু হচ্ছে মঙ্গলবার

বাংলাদেশ ও ভারত সমুদ্রসীমা নির্ধারণের জন্য দীর্ঘ ছয় মাস পর মঙ্গলবার আবার বৈঠকে বসছে। দুই দিনব্যাপী ওই আলোচনায় অংশ নিতে অতিরিক্ত পররাষ্ট্র সচিব এম এ কে মাহমুদের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল সোমবার দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2009, 03:31 PM

Updated : 26 Aug 2022, 11:11 AM

ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ও ভারত সমুদ্রসীমা নির্ধারণের জন্য দীর্ঘ ছয় মাস পর মঙ্গলবার আবার বৈঠকে বসছে। দুই দিনব্যাপী ওই আলোচনায় অংশ নিতে অতিরিক্ত পররাষ্ট্র সচিব এম এ কে মাহমুদের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল সোমবার দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, "এটি টেকনিক্যাল কমিটি পর্যায়ের বৈঠক। এ থেকে এখনই কোনো ফলাফল আশা করা ঠিক হবে না। দুই দেশের মধ্যে আরও আলোচনা হবে।" গত বছরের ১৫ সেপ্টেম্বর প্রায় ৩০ বছর পর দুই দেশের মধ্যে এ বিষয়ে সর্বশেষ বৈঠক হয়। মিয়ানমারের সঙ্গেও সমুদ্রসীমা নিয়ে বাংলাদেশের বিরোধ রয়েছে। মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা নির্ধারণ বিষয়ে গত বছর আলোচনা করেছে বাংলাদেশ। সমুদ্রসীমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের কারণে তিনটি দেশের কেউই পুরোপুরি তাদের উপক ূলীয় তেল-গ্যাস অনুসন্ধান বা উত্তোলন করতে পারছে না। সাগরবক্ষে থাকা বাংলাদেশের ২৮টি ব্লকের মধ্যে ভারত ৯টি এবং মিয়ানমার ১১টিকে নিজেদের বলে দাবি করে আসছে। সীমানা পুনর্নিধারণে ভারতের চলতি বছরের জুনের মধ্যে জাতিসংঘের কাছে তাদের সমুদ্রসীমার মানচিত্র জমা দেওয়ার কথা। ভারতের সঙ্গে বাংলাদেশের আগের বৈঠকটিতে হাড়িয়াভাঙ্গা নদীর মধ্যবর্তী পয়েন্ট নির্ধারণ বিষয়ে সমঝোতায় পৌঁছতে ব্যর্থ হয় দুই দেশের প্রতিনিধি দল। হাড়িয়াভাঙ্গা নদীর মধ্যবর্তী পয়েন্ট সমুদ্রসীমা পুনর্নির্ধারণের ক্ষেত্রে শুরুর প্রান্ত হিসেবে ধরা হবে। বৈঠকে বাংলাদেশ দাবি করে- নদীটির পশ্চিম প্রান্ত থেকে মধ্যবর্তী পয়েন্ট শুরু করতে হবে। অন্যদিকে ভারতের দাবি পূর্ব থেকে শুরু করার। বিরোধ সত্ত্বেও দুই দেশ পরবর্তী সময়ে আলোচনা চালিয়ে যাওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিল ঢাকায় অনুষ্ঠিত ওই বৈঠকে। এদিকে, ইতোমধ্যে মিয়ানমার তাদের সমুদ্রসীমা পুনর্নির্ধারণে জাতিসংঘের কাছে মানচিত্র জমা দিয়েছে। তবে সীমানা নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ থাকায় বাংলাদেশ জাতিসংঘের কাছে এর আপত্তি জানিয়েছে বলে বাংলাদেশের কর্মকর্তারা জানিয়েছেন। ভারতও মীমাংসার আগে জাতিসংঘে এ মানচিত্র দিলে বাংলাদেশ এ বিষয়ে প্রতিবাদ করতে পারবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/এসকে/২১৩০ঘ.