ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি সোমবার অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন।
বিকেলে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এ সাক্ষাতের সময় রাষ্ট্রদূত বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনা, দেশের বিচার বিভাগে আধুনিক প্রযুক্তির প্রচলনসহ নানা বিষয় নিয়ে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আলোচনা করেন।
এ ব্যাপারে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, মার্কিন রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাত করেছেন। বিচার বিভাগে ডিজিটাল প্রযুক্তির প্রচলন বিষয়ে তিনি সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
তিনি জানান, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় দেশের বুদ্ধিজীবী, নারী ও শিশু হত্যা, লুট, ধর্ষণ বিষয়ে একটি প্রতিবেদন মার্কিন রাষ্ট্রদূতের হাতে তুলে দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এইচএ/২১০৮ঘ.
bdnews24