ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানি নিয়ে উদ্ভূত সংকট নিরসনে বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিএমসিসিআই) সহযোগিতা চাইলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
সোমবার সচিবালয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কার্যালয়ে বিএমসিসিআই'র একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে মন্ত্রী সংগঠনটির কাছে এ সহযোগিতা চান।
বৈঠকের পর মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, "মালয়েশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক ও বাণিজ্যিক সম্পর্ক নিয়ে বিএমসিসিআই প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। সেদেশে জনশক্তি রপ্তানি এবং বিরাজমান সংকট সমাধানের বিষয়ে তাদের সহযোগিতা চেয়েছি।"
বিএমসিসিআই সহযোগিতা দেওয়ার বিষয়ে আশ্বস্ত করেছে বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, "নির্বাচনের পর নতুন সরকার এলে সংকট সমাধান সহজতর হবে উল্লেখ করে তারা বলেছে- প্রয়োজনে তারা মালয়েশিয়ায় তাদের ব্যবসায়িক সহযোগীদেরও এতে সম্পৃক্ত করবেন।"
পরে বিএমসিসিআই'র মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন সাংবাদিকদের বলেন, " সংকট সমাধানে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
"আমরা বলেছি, সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিতে হবে, প্রয়োজনে আমরা সর্বাত্মক সহায়তা করবো। এ সংকট বেশিদিন থাকবে না, দ্রুতই এর সমাধান হয়ে যাবে।"
নির্বাচনের আগেই মালয়েশীয় সরকারের সঙ্গে এ বিষয়ে আলোচনা শুরু করার পরামর্শ দিয়েছেন বলেও জানান তিনি।
বিএমসিসিআই'র পরিচালক মালয়েশীয় নাগরিক ড. রোশলি ইয়াকুপ জানান, তার দেশে কৃষি ও বৃক্ষরোপণসহ শিল্প ক্ষেত্রে বাংলাদেশী শ্রমিকদের যথেষ্ট চাহিদা রয়েছে।
সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হলে বাংলাদেশী শ্রমিক সমস্যার বিষয়টির সমাধান হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এইচএ/২০১৫ঘ.
bdnews24