২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মংলাকে আরও গতিশীল করতে বন্ধ কারখানা চালুর ওপর গুরুত্বারোপ

মংলা বন্দরকে আরও গতিশীল করতে খুলনাঞ্চলের বন্ধ থাকা কারখানাগুলো চালু করার ওপর গুরুত্বারোপ করেছেন পাট ও বস্ত্র মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2009, 12:09 PM

Updated : 26 Aug 2022, 11:11 AM

বাগেরহাট, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মংলা বন্দরকে আরও গতিশীল করতে খুলনাঞ্চলের বন্ধ থাকা কারখানাগুলো চালু করার ওপর গুরুত্বারোপ করেছেন পাট ও বস্ত্র মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। তিনি বলেন, "বন্ধ থাকা এসব কল-কারখানা আবার চালু করা গেলে খুলনাঞ্চলের মানুষের উন্নতি হবে।" সোমবার সকালে মংলা বন্দরের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) এবং একটি সিমেন্ট কারখানা পরিদর্শনের সময় মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, "বর্তমান সরকার ইতোমধ্যে বিগত জোট সরকারের সময়ে বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো চালুর উদ্যোগ নিয়েছে। পর্যায়ক্রমে বন্ধ থাকা সকল কল কারখানা চালু করা হবে।" মন্ত্রী বলেন, "ইমেজ সংকটে থাকা মংলা বন্দরকে বিদেশিদের কাছে আরও আকৃষ্ট করতে যা যা করা প্রয়োজন তা এ সরকার করবে।" মংলা বন্দরে যাতে বেশি করে জাহাজ ভেড়ে তার জন্য তিনি প্রধানমন্ত্রী ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের কাছে বন্দরটির বর্তমান চিত্র তুলে ধরবেন বলেও জানান। লতিফ সিদ্দিকী জানান, দক্ষিণাঞ্চলের মানুষের জীবনমানের উন্নয়নে সরকার যেসব প্রতিশ্র"তি দিয়েছে তা এক এক করে বাস্তবায়ন করা হবে। সোমবার সকাল ১১ টায় সড়ক পথে বাগেরহাট পৌঁছার পর মন্ত্রী প্রথমে নির্মাণ কাজ বন্ধ থাকা বাগেরহাটের রামপালের ফয়লা বিমানবন্দর, মংলা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) এলাকায় অবস্থিত তারা এক্সিম করপোরেশন নামের একটি টেক্সটাইল মিল এবং বসুন্ধরা গ্র"পের মেঘনা সিমেন্ট কারখানা পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন- খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা, বাগেরহাটের জেলা প্রশাসক অপরূপ চৌধুরী, পুলিশ সুপার আওলাদ আলী ফকির, মংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্বপন কুমার সাহা, মংলা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের মহাব্যবস্থাপক মোহম্মদ শাহ আলম সরকার প্রমুখ। দুপুরে তিনি বাগেরহাটের খান জাহান আলী (র:) এর মাজার জিয়ারত শেষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে সড়ক পথে বাগেরহাট ত্যাগ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০৭ ঘ.