চাঁপাইনবাবগঞ্জ, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নেশাদ্রব্য কেনার জন্য টাকা না পেয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মা'কে ছুরিকাঘাতে হত্যার দায়ে ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের জেলা ও দায়রা জজ হৃষিকেশ সাহা এ রায় দেন।
দণ্ডিতের নাম- আব্দুর রহিম হারুন (৩০)। তিনি সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের রামচন্দ্রপুর কলেজপাড়ার তাজেমুল হকের ছেলে।
২০০৬ সালের ১৪ আগস্ট হারুন মা রেবিনা বেগমকে (৫০) ঘরে নিয়ে দরজা বন্ধ করে টাকা চায়। টাকা দিতে অস্বীকার করলে হারুন তাকে উপর্যপুরি ছুরিকাঘাত করে এবং নিজে আত্মহত্যার চেষ্টা চালায়। স্থানীয়রা রেবিনাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি মারা গেছেন।
ওইদিনই হারুনের বাবা মো. তাজেমুল হক চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান ওই বছর ২৬ সেপ্টেম্বর তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৩১ ঘ.
bdnews24