২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গজারিয়ায় আ. লীগ ও ফরিদগঞ্জে বিএনপি সমর্থিত প্রার্থী জয়ী

আটটি উপজেলার ১১ ভোটকেন্দ্রের মধ্যে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার একটি ও মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার একটি কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2009, 01:17 PM

Updated : 26 Aug 2022, 11:11 AM

ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আটটি উপজেলার ১১ ভোটকেন্দ্রের মধ্যে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার একটি ও মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার একটি কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে মুন্সীগঞ্জের গজারিয়ার শিমুলিয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুনঃভোটের ফলাফলে বেসরকারিভাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রেফায়েত উল্লাহ খান। গজারিয়া উপজেলার সহকারী রিটার্নিং অফিসার রুহুল আমিন জানান, এ কেন্দ্রের ফলাফলসহ উপজেলার সবকটি কেন্দ্রের ফলাফলে রেফায়েত উল্লাহ (দোয়াত-কলম প্রতীক) ১৯ হাজার ৯৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। শিমুলিয়া কেন্দ্রের দুই হাজার ৫৯১ ভোটের মধ্যে তিনি পেয়েছেন দুই হাজার ৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী আলহাজ্ব কলিমুল্লাহ (কাপ পিরিচ) পেয়েছেন মোট ১৯ হাজার ২৫৩ ভোট। চাঁদপুরের ফরিদগঞ্জের বালিথুবা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোট গণনায় বেসরকারিভাবে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী রেবেকা সুলতানা (আম প্রতীক)। সহকারী রিটার্নিং অফিসার ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এনামুল হক জানান, এ কেন্দ্রসহ রেবেকা সুলতানা ভোট পেয়েছেন ৩৪ হাজার ৬৮০টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত রিনা নাসরিন (পদ্মফুল প্রতীক) পেয়েছেন ৩৪ হাজার ৪৫৪ ভোট। গত ২২ জানুয়ারি অনুষ্ঠিত উপজেলা নির্বাচনের দিন বিভিন্ন অনিয়মের অভিযোগে এসব ভোটকেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়। সোমবার এসব কেন্দ্রে সকাল ৮টা থেকে একটানা বিকেল ৪টা পর্যন্ত পুনঃভোটগ্রহণ চলে। প্রধান নির্বাচন কমিশনার ১১টি ভোটকেন্দ্রের শান্তিপূণ ভোটগ্রহণে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, আগামী ২ এপ্রিলের সাতটি সংসদীয় আসনে উপনির্বাচন ও ৬ এপ্রিলের স্থগিত ছয়টি উপজেলার নির্বাচনও শান্তিপূর্ণ করতে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১৬ ঘ.