ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় সংসদে আরো কয়েকটি বিল নিয়ে বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রতিবেদন রোববার উপস্থাপন করেছেন কমিটির সভাপতিরা।
এর মধ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সুবিদ আলী ভুইয়া ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ (সংশোধন) বিল ২০০৯, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ ট্রেডমার্ক বিল ২০০৯, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আব্দুস সালাম সিলেট মহানগর পুলিশ বিল ২০০৯ ও বরিশাল মহানগর পুলিশ বিল ২০০৯ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোশাররফ হোসেন বাংলাদেশ বিমান কর্পোরেশন (সংশোধন) বিল ২০০৯ সম্পর্কে স্থায়ী কমিটির প্রতিবেদন সংসদে উপস্থাপন করেন।
এদিকে স্থায়ী কমিটিতে গ্রাম সরকার (রহিতকরণ) ২০০৯ বিলটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষার জন্য আরো সাত দিন সময় বাড়ানো হয়েছে। উপজেলা পরিষদ (সংশোধন) বিল ২০০৯ পরীক্ষা নিরীক্ষার জন্য ১৫ দিন, অর্থ ঋণ আদালত ২০০৯, সুপ্রিম কোর্ট জাজেস (সম্মানী ও সুযোগ-সুবিধা) (সংশোধন) বিল ২০০৯ ও জাতীয় মানবাধিকার কমিশন বিল ২০০৯ এর জন্য দুই সপ্তাহ এবং ফৌজদারি কার্যবিধি (সংশোধন) বিল ২০০৯ পরীক্ষা নিরীক্ষার জন্য আরো সাত দিন সময় বাড়ানো হয়েছে।
এছাড়া বাংলাদেশ ফ্ল্যাগ ভেসেল (সংরক্ষণ) (সংশোধন) বিল ২০০৯ পাশ হয়েছে। নৌ পরিবহন মন্ত্রী মোঃ আফসারুল আমীন এই বিলটি সংসদে উত্থাপন করেন।
বিলটি নিয়ে আলোচনার পর এটি কণ্ঠভোটে পাশ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেআরসি/টিআর/এসকে/২২৫৫ ঘ.
bdnews24