ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- বেসরকারি ফিক্সড ফোন অপারেটরদের কাছে পাওনা প্রায় ৫০ কোটি টাকা আদায়ে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সহায়তা চেয়েছে মোবাইল ফোন অপারেটররা।
বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার মোবাইল ফোন অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিফোন অপারেটর্স এর (এএমটিওবি) এ সহায়তার আবেদনের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিটিআরসির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জিয়া আহমেদের সঙ্গে রোববার এএমটিওবি'র কর্মকর্তারা এ ব্যাপারে মতবিনিময় করেন।
এতে বলা হয়, বৈঠকে উত্থাপিত মোবাইল অপারেটরদের বিভিন্ন সমস্যা পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন বিটিআরসি'র চেয়ারম্যান।
জিয়া আহমেদ এসময় সারাদেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ছড়িয়ে দেওয়ার ওপর জোর দেন।
এএমটিওবির সভাপতি ফজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বেসরকারি ফিক্সড ফোন অপারেটরদের কাছে মোবাইল ফোন অপারেটররা প্রায় ৫০ কোটি টাকা পায়। এ অঙ্ক দিন দিন বাড়ছেই। আমরা এ টাকা আদায়ে বিটিআরসির সহায়তা চেয়েছি।"
ফজলুর রহমান আরো জানান, মোবাইল ফোনের সিম কার্ডের ওপর থেকে ট্যাক্স পুরোপুরি তুলে নেওয়ারও অনুরোধ করেছেন তারা। এটি বেসরকারি মোবাইল অপারেটরদের অনেকদিনের দাবি।
মতবিনিময় সভায় বিটিআরসির ভাইস-চেয়ারম্যান হাসান মাহমুদ দেলওয়ার, কমিশনার এস এম মুনির আহমেদ, আলিবর্দী খন্দকার, মাহবুবুর রহমান ও মহাপরিচালক কর্নেল মোঃ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/টিআর/এসকে/২২১৫ঘ.
bdnews24