সাতক্ষীরা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতক্ষীরার কলারোয়া উপজেলায় একই স্থানে দুপক্ষের সমাবেশ আহ্বান করায় অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন দু'দিনের জন্য কলারোয়া উচ্চ বিদ্যালয় মাঠ ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে।
কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খলিল আহম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সংঘর্ষ এড়ানোর জন্য রোববার সকাল ৯টা থেকে পরদিন (সোমবার) বিকেল ৫টা পর্যন্ত সমাবেশস্থলে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ সময়ে মধ্যে কলারোয়া হাইস্কুল মাঠের ২০০ গজের মধ্যে সব ধরনের মিছিল, সমাবেশ ও সভা নিষিদ্ধ করা হয়েছে।"
১৪৪ ধারা জারি করায় সাতক্ষীরার কলারোয়া হাই স্কুল মাঠে জামায়াত নেতা দেলওয়ার হোসেন সাঈদীর রোববার বিকেলের সিরাতুন্নবী মাহফিল পণ্ড হয়ে গেল।
সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনে তার সাতক্ষীরা আসা ঠেকাতে মুক্তিযোদ্ধা জনতার ব্যানারে এলাকার সাধারণ মানুষ একদিন, একই সময় ও একই স্থানে সমাবেশ ডাকে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর ইসলাম জানান, কলারোয়া উচ্চ বিদ্যালয় মাঠে রোববার বিকেল ৩টায় জামায়াত আয়োজিত সিরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে জামায়াত নেতা দেলওয়ার হোসেন সাঈদী প্রধান অতিথি থাকার কথা ছিল। এই খবর প্রচার হলে শনিবার মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দীন তার বাড়িতে এক সংবাদ সম্মেলন করে কলারোয়ায় সাঈদীর সভা প্রতিহত করার ঘোষণা দেন। এরপর শনিবার সন্ধ্যায় সাঈদীর আগমন উপলক্ষে নির্মিত তোরণ ভাঙচুর হয়।
এছাড়া মুক্তিযোদ্ধা-জনতার ব্যানারে বিপুল সংখ্যক মানুষ সাঈদীর সাতক্ষীরা আসার বিরোধিতা করে শহরময় মিছিল সমাবেশ করে। রোববার তারা ওই স্থানে একই সময়ে সমাবেশ ডাকে।
ওসি বলেন, "রোববার সকাল থেকে কলারোয়া হাইস্কুল মাঠে পুলিশ মোতায়েন করা হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৩২ ঘ.
bdnews24