ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বসুন্ধরা সিটিতে অগ্নিকাণ্ডে দুইশ' কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (প্রশাসন) কামরুল মেহেদী।
রোববার বসুন্ধরা সিটি'র সামনে অপেক্ষমান সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এদিকে বিকালে বসুন্ধরা সিটির ঘটনাস্থল পরিদর্শন শেষ তদন্ত কমিটির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাংবাদিকদের জানান, অগ্নিকান্ডের কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞদের নিয়ে সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। অগ্নিকান্ডস্থলে কি কি আসবাপত্র ও অন্য কোনো দাহ্য পদার্থ ছিল কিনা তার তালিকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চাওয়া হয়েছে। নাশকতার বিষয়টিও আমরা বিবেচনায় রেখেছি।
কামরুল মেহেদী সাংবাদিকদের জানান, সোমবার থেকে বসুন্ধরা সিটির বিপনী বিতান খুলে দেওয়া হবে।
এর আগে সকালে তিনি এক ব্রিফিঙে বলেন, আগুনে কাঠামোগতভাবে ব্যাপক ক্ষতি হয়েছে। কম্পিউটার, বৈদ্যুতিক নেটওয়ার্কসহ সার্বিকভাবে সব কিছুই নষ্ট হয়ে গেছে।
তবে একটু দূরে অবস্থিত শপিং মলে কোন ক্ষতি হয়নি বলে জানান তিনি।
এক প্রশ্নের জবাবে মহাব্যবস্থাপক জানান, "এতে নাশকতা ছিল কি না- যারা তদন্ত করে দেখছেন, তারা অবশ্যই সেই বিষয়টি খতিয়ে দেখবেন।"
তিনি জানান, আলামত নষ্ট হবে বলে সংশ্লিষ্টদের নির্দেশেই ঘটনাস্থলে কাউকে যেতে দেওয়া হচ্ছে না।
কামরুল মেহেদী আরো জানান, এই ভবনটির নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট বিদেশি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারাও ঘটনাস্থল দেখবেন এবং নতুন করে নির্মাণ করার বিষয়টি তাদের মতামতের ওপর নির্ভর করছে।
গত ১৩ মার্চ দুপুরে বসুন্ধরা সিটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভবনটির ১৫ থেকে ওপরের দিকে ৬টি তলার ব্যাপক ক্ষতি হয়। এই ঘটনায় মোট সাতজন অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন।
এই ঘটনা তদন্তে সরকার তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটিকে ৭ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কিউএইচ/এসকে/১৯২৫ঘ.
bdnews24