২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি কর্মচারীদের 'মাঠে-ময়দানে'ও কাজ করতে হবে: অর্থমন্ত্রী

একজন সরকারি কর্মচারীকে শুধু কার্যালয়ে বসে কাজ করলে হবে না তাকে 'মাঠে-ময়দানেও' কাজ করতে হবে বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2009, 01:01 PM

Updated : 26 Aug 2022, 11:11 AM

সাভার, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একজন সরকারি কর্মচারীকে শুধু কার্যালয়ে বসে কাজ করলে হবে না তাকে 'মাঠে-ময়দানেও' কাজ করতে হবে বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, "মানুষের সমস্যা জানতে হবে, বুঝতে হবে। তাদের সুখ-দুখের সাথী হতে হবে।" রোববার সাভারে বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) ৪৩ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ কথা বলেন। প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, "আপনাদের মনে রাখতে হবে আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, জনগণের সেবক।" "আমি কি পছন্দ করি বা করি না, আমার কি ভাল লাগে বা লাগে না এটা সরকারি চাকরিজীবীর বৈশিষ্ট্য হতে পারে না", বলেন অর্থমন্ত্রী মুহিত। তিনি বলেন, "আর্ন্তজাতিক সন্ত্রাসবাদ সম্পর্কে আপনারা অবশ্যই অবগত আছেন। এটা বড় ধরনের অপরাধ এবং জটিল সমস্যাও।" বিশ্বায়নের ফলে অনেক ক্ষেত্রে উন্নয়ন হলেও সমাজে নানা সংকট তৈরি হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর (সচিব) মো. আব্দুস সালাম খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মন্ত্রী পরিষদ সচিব এম আব্দুল আজিজ, সংস্থাপন সচিব ইকবাল মাহমুদ প্রমুখ। চার মাসব্যাপী বুনিয়াদি এ প্রশিক্ষণ কোর্সে বাংলাদেশ সিভিল সার্ভিসের ১৯টি ক্যাডারের ২১২ জন মাঠ পর্যায়ের নবীন কর্মকর্তা অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪৯ ঘ.