২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি দমনে জনপ্রতিনিধিদের প্রত্যক্ষ ভূমিকা রাখা প্রয়োজন: হাসান মশহুদ

দুর্নীতি দমনে জনপ্রতিনিধিদের প্রত্যক্ষ ভূমিকা রাখার ব্যাপারে গুরুত্বারোপ করেছেন দুর্নীতি দমন কমিশন-দুদকের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2009, 12:20 PM

Updated : 26 Aug 2022, 11:11 AM

কিশোরগঞ্জ, মার্চ ১৫ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম) - দুর্নীতি দমনে জনপ্রতিনিধিদের প্রত্যক্ষ ভূমিকা রাখার ব্যাপারে গুরুত্বারোপ করেছেন দুর্নীতি দমন কমিশন-দুদকের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী। তিনি বলেন, "শুধু মামলা দায়ের করে এবং পুলিশ দিয়ে দুর্নীতি দমন করা সম্ভব নয়। এ জন্য জনপ্রতিনিধিদের প্রত্যক্ষ ভূমিকা রাখা প্রয়োজন।" রোববার দুপুরে কিশোরগঞ্জ প্রেসক্লাবের মুক্তমঞ্চে প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় হাসান মশহুদ এ কথা বলেন। তিনি বলেন, "সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর সঙ্গে দুর্নীতি কমার সম্পর্ক নেই। দুর্নীতি কমাতে হলে কর্মচারীদের নৈতিকতা ও দেশপ্রেম বাড়াতে হবে।" একইসঙ্গে তিনি সমাজের সব শ্রেণীর মানুষকে দুর্নীতির বিরুদ্ধে কাজ করার আহ্বান জানান। দুদক চেয়ারম্যান সকালে পাকুন্দিয়া উপজেলা মিলনায়তনে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করেন। বিকেলে তিনি তাড়ইল উপজেলায় আরেকটি মতবিনিময় সভায় যোগ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৮১৯ ঘ.