২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বিমানবন্দর থেকে সন্দেহভাজন হুন্ডি ব্যবসায়ী গ্রেপ্তার

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ এক সন্দেহভাজন হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছেন কাস্টমস কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2009, 02:42 PM

Updated : 26 Aug 2022, 11:11 AM

চট্টগ্রাম, মার্চ ১৪(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ এক সন্দেহভাজন হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছেন কাস্টমস কর্মকর্তারা। শুক্রবার রাত নয়টার দিকে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ জনৈক সারোয়ার উদ্দিনকে দু লাখ ২৬ হাজার সৌদি রিয়াল ও আট হাজার ৮৮০ আমীরাত দিরহামসহ গ্রেপ্তার করে। শুক্রবার গভীর রাত দুইটার দিকে তাকে পতেঙ্গা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় কাস্টমস কর্তৃপক্ষ একটি মামলা দায়ের করেছে। এই মামলায় গ্রেপ্তার সারোয়ারকে শনিবার আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ওসি জানান সারোয়ারের শুক্রবার রাতে শাহ আমানত বিমান বন্দর থেকে দুবাই যাওয়ার কথা ছিল। তিনি শারজায় ব্যবসা করেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। তার বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার লাঙলমোড়া গ্রামে। ওসি আব্দুল্লাহ বলেন, সারোয়ার একজন হুন্ডি ব্যবসায়ী বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসকে/২০৪১ঘ.