২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আগুন নেভাতে ফায়ার সার্ভিস কোনো কাজ করেনি'

বসুন্ধরা সিটির শুক্রবারের আগুন নেভাতে দমকল বাহিনী কোনো কাজ করেনি বলে অভিযোগ করেছে শপিং কমপ্লেক্সটির দোকান মালিক সমিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2009, 07:42 AM

Updated : 26 Aug 2022, 11:11 AM

ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বসুন্ধরা সিটির শুক্রবারের আগুন নেভাতে দমকল বাহিনী কোনো কাজ করেনি বলে অভিযোগ করেছে শপিং কমপ্লেক্সটির দোকান মালিক সমিতি। এদিকে শনিবার সকালে গণমাধ্যম কর্মীরা অগ্নিকাণ্ডের ঘটনার তথ্য সংগ্রহ করতে গেলে নিরাপত্তার দায়িত্বে থাকা বসুন্ধরা গ্র"পের কর্মচারীরা তাদের সঙ্গে দুর্ব্যবহার করে। বসুন্ধরা সিটির দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক খলিলুর রহমান দাবি করেছেন, বসুন্ধরা সিটি কমপ্লেক্সে কোনো পানি ছিল না বলে ফায়ার সার্ভিস যে অভিযোগ করেছে তা মিথ্যা। শনিবার বেলা ১২ টার দিকে সাংবাদিকদের তিনি বলেন, "এই আগুন নেভাতে ফায়ার সার্ভিস কোনো কাজ করেনি। সবই করেছে বসুন্ধরার কর্মীরা। তারা বলেছে, এখানে কোনো পানি ছিল না। এটা মিথ্যা কথা।" খলিলুর রহমান আরো বলেন, "এখন আর কোনো আগুন নেই। আমরা গত রাত ১টার সময় ১৩ তলা পর্যন্ত অনুসন্ধান করে সবগুলো কক্ষই তালাবদ্ধ করে দিয়েছি।" কী ধরনের ক্ষয়-ক্ষতি হয়েছে? এর জবাবে তিনি বলেন, "এ বিষয়ে এখনো সিদ্ধান্তে পৌঁছেনি কর্তৃপক্ষ। পরে সব কিছু জানা যাবে।" শনিবার সকালে বসুন্ধরা সিটি কমপ্লেক্সের সামনে শত শত লোকের ভিড় দেখা গেছে। তবে কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এছাড়া সেখানে উপস্থিত বসুন্ধরা গ্র"পের দু'একজন যারা গণমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন, সাড়ে ১১ টার দিকে এক কর্মকর্তা এসে তাদেরকে কথা বলতে নিষেধ করেন। এরপর কেউ আর কোনো কথা বলেনি। অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত সাতজন নিহত হয়েছে বলে শুক্রবার রাত ১২ টার দিকে জানান দমকল বাহিনীর পরিচালক (অপারেশন) মেজর শেখ মো. শাহজালাল। বসুন্ধরার অগ্নিনির্বাপক পরিদর্শক বশিরউদ্দিন জানিয়েছেন, নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। এরা হচ্ছে- অগ্নিনির্বাপক পরিদর্শক হারুনার রশীদ (৪৮), ইলেকট্রিক হেলপার ইব্রাহিম মণ্ডল (৩৭), সিভিল সুপারভাইজার মোহাম্মদ আলী (৫৫) ও বাকী বিল্লাহ। এ ঘটনায় শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (পুলিশ) আব্দুল হামিদের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এজে/জিএনএ/১৩৪২ ঘ.