ঢাকা মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-দেশের বৃহত্তম বিপণীবিতান বসুন্ধরা সিটিতে আগুন লাগার খবরে ঢাকাসহ দেশের প্রায় সব জায়গার মানুষই কম বেশি উদ্বিগ্ন হয়ে পড়েন।
ভবনটি আবাসিক এলাকার কাছাকাছি হওয়ায় এ এলাকায় বসবাসকারীদের কাছে তাদের স্বজনরা ফোন করেন কুশল জানতে। কাছাকাছি থাকা মানুষ তো বটেই, চারদিক থেকে বহু কৌতুহলী মানুষ ভিড় করেন এ বিশাল অগ্নিকাণ্ড ও তা নেভানোর তৎপরতা দেখতে।
শুক্রবারেও যানজট
শুক্রবার ছুটির দিন হওয়ায় অফিস-আদালত বন্ধ থাকার কারণে এদিন রাস্তায় যান চলাচল তুলনামূলক কম ছিল। কিন্তু এ দুর্ঘটনার কারণে বিভিন্ন জায়গায় দেখা দেয় যানজট।
আগুন লাগার খবর ছড়িয়ে পড়ার বেশ কিছুক্ষণ পরে সোনারগাঁও মোড় থেকে পান্থপথ গ্রীনরোড ক্রসিং পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়। রাসেল স্কোয়ার থেকে পুরো পান্থপথে ভারি যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এর প্রভাবে সাতরাস্তা, ফার্মগেটসহ আশেপাশের সড়কগুলোতে যানজটের সৃষ্টি হয়।
ভিড় আর ভিড়
এ ঘটনায় আশেপাশের অধিকাংশ দোকানপাট বন্ধ হয়ে যায়। অনেকেই গাড়ি নিয়ে আসেন ঘটনা দেখতে।
উৎসুক মানুষের ভিড় নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় সেনা সদস্য এবং পুলিশকে। অনেকেই এমনকি দমকল বাহিনী ও পুলিশের গাড়িতে উঠে বসে ঘটনা দেখেন। মোবাইল বা ক্যামেরা দিয়ে ছবিও তুলে রাখছিলেন অনেকে।
ব্যবসায়ীদের উদ্বেগ
বসুন্ধরা সিটির কর্পোরেট অফিসে আগুন লাগলেও পাশের বিপনীবিতানের দোকানমালিকরা সবাই ছিলেন আতংকের মধ্যে। দোকান বন্ধ করে বসুন্ধরা সিটির সামনে দাঁড়িয়ে তারা রুদ্ধশ্বাসে দেখতে থাকেন কিভাবে জ্বলছে এতবড় একটি প্রতিষ্ঠান।
বিকাল ৫টার দিকে আগুন দ্বিতীয় দফায় বড় আকারে দেখা দিলে মাসুম মোল্লা নামে এক জুয়েলারি দোকানের কর্মচারি বলেন," আগুনের খবরে কোন মতে দোকান বন্ধ করে বের হয়ে আসি। কিন্তু এখন কি হবে। দমকল বাহিনী কাজ করলেও আগুনতো ছড়িয়ে পড়ছেই!"
দমকলের তৎপরতা
বসুন্ধরা সিটির সামনে 'ফরেন ফার্নিচারের' দোকানের কর্মচারি হোসেন আগুন শুরুর বর্ণনা দিয়ে বলেন, তারা প্রথমে ধোঁয়া দেখেন জুম্মা নামাযের সময়। তখন প্রায় দেড়টা। এর প্রায় পৌনে এক ঘন্টা পর তারা দমকল বাহিনীর দুইটি গাড়ি আসতে দেখেন। গাড়ি গুলো 'অসহায়ের মতো' খালি ছোটাছুটি করছিল। পরে আগুনও বাড়তে থাকে এবং গাড়ির সংখ্যাও বাড়তে থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসকে/০০১০ঘ.
bdnews24