২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেরি সংকটে মাওয়া ঘাটে তীব্র যানজট

মুন্সীগঞ্জের মাওয়া ও মাদারীপুরের কাওড়াকান্দি নৌ পথে ফেরি সংকটের কারণে যানবাহন পারাপারে বিলম্ব হওয়ায় মাওয়া ঘাটে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2009, 03:12 PM

Updated : 26 Aug 2022, 11:10 AM

মুন্সীগঞ্জ, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুন্সীগঞ্জের মাওয়া ও মাদারীপুরের কাওড়াকান্দি নৌ পথে ফেরি সংকটের কারণে যানবাহন পারাপারে বিলম্ব হওয়ায় মাওয়া ঘাটে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। গত বুধবার রাত থেকে যানজটের সৃষ্টি হয়। শুক্রবার সারাদিন তীব্র যানজট ছিল। রাতেই যানজট স্বাভাবিক হওয়ার লক্ষণ দেখা যায়নি। প্রায় সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ যানজট শ্রীনগর উপজেলার দোগাছি বাজার ছাড়িয়ে যায়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে যানজটও বাড়ে। দীর্ঘ সারিতে পণ্য বোঝাই ট্রাকই বেশি দেখা গেছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) মাওয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (এজিএম) আশিকুজ্জামান জানান, ঘাট থেকে রো রো ফেরি শাহজালাল আরিচায় সরিয়ে নেওয়া হয়েছে। কিশোরী ও কামিনী নামের আরও দুটি ফেরি মেরামতের জন্য ওয়ার্কশপে পাঠানো হয়েছে। ঘাটে আছে ১০টি ফেরি। এর মধ্যে বেশি ধারণ ক্ষমতার রো রো ফেরি একটিও আর তাদের কাছে নেই বলে তিনি জানান। আশিকুজ্জামান জানান, ঘাটে থাকা ১০টি ফেরির মধ্যে কে টাইপ ফেরি একটি, ফ্ল্যাট টাইপ সাতটি ও মিডিয়াম একটি ফেরি আছে। তিনি বলেন, পর্যাপ্ত ফেরি না থাকায় পণ্যবাহী ট্রাকগুলো যথা সময়ে পারাপার করা সম্ভব হচ্ছে না। অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস, প্রাইভেট কার, মিনি ও মাইক্রোবাসগুলো যথারীতি আগে পার করা হচ্ছে। রাতের বেলায় ট্রাক পার করা হলেও তাদের হাতে কোন রো রো ফেরি না থাকায় ট্রাক পরাপারে তেমন কোন অগ্রগতি নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০০ ঘ.