নড়াইল, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইলের লোহাগড়া উপজেলায় দু'দল গ্রামবাসীর সংঘর্ষে চার পুলিশসহ অন্তত সাতজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শর্টগানের এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে সংঘটিত ওই সংঘর্ষে আহতদের মধ্যে পাঁচজনকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) আব্দুল হাই সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপজেলার মল্লিকপুর ইউনিয়নের ঘাঘা গ্রামের ঠাকুর গ্র"প ও বিশ্বাস গ্র"পের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। তিন মাস আগে দুপক্ষ সংঘর্ষ করবে না বলে সমঝোতা করে। কিন্তু বৃহস্পতিবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সলেমান ঠাকুরের সমর্থকরা বিশ্বাস গ্র"পের মনসুর বিশ্বাসের বাড়ি ভাংচুর করে।
এ সময় বাড়ির মালিক মনসুর বিশ্বাস ও তার ছেলে বেইল বিশ্বাস আহত হন। খবর পেয়ে পুলিশ রাত ৮টার দিকে ঘটনাস্থলে গেলে ঠাকুর গ্র"পের সমর্থকরা পুলিশের ওপরও হামলা চালায়। হামলায় লোহাগড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাহাবুল, উপ-পরিদর্শক (এসআই) মো. নাসির, কনস্টেবল মো. মোশাররফ (৫৫), কনস্টেবল মো. নূর নবী (২৫) ও ঘাঘা গ্রামের সাইদুর রহমান (৪০) আহত হন।
ওসি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এক রাউন্ড শর্ট গানের ফাঁকা গুলি ছোড়ে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আহত কনস্টেবল মোশাররফ ও নুর নবী, মনসুর বিশ্বাস, তার ছেলে বেইল বিশ্বাস ও সাইদুর রহমানকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৪৮ ঘ.
bdnews24