পাবনা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাবনার ঈশ্বরদী বাইপাস রেল স্টেশনে দুর্ঘটনা কবলিত জ্বালানি তেলবাহী ট্রেন থেকে তেল চুরি হয়েছে। এই তেল চুরি নিয়ে বৃহস্পতিবার রাতে এলাকাবাসীর মধ্যে সংঘর্ষে আহত হয় ১০ ব্যক্তি।
তেল চুরির ঘটনা খতিয়ে দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আহতদের মধ্যে মাহাতাব কলোনীর অধিবাসী আব্দুল কুদ্দুসকে (৩১) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর লেলিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রেলের বিষয়াবলী জিআরপি দেখে থাকে। কাজেই আগ বাড়িয়ে তাদের করার কিছু ছিল না।
তেল চুরির ঘটনা খতিয়ে দেখার জন্য গঠিত কমিটির চেয়ারম্যান করা হয়েছে পাকশী রেল বিভাগের ডিটিও শহিদুল ইসলামকে। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন ডিটিই অসিম কুমার সাহা, ডিএমই ওমর ফারুক ও ডিইএম আবু জাফর।
কমিটির সদস্য আবু জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা রিপোর্ট জমা দেবেন শনিবার।
এর আগে বুধবার গভীর রাতে ২৪টি কন্টেইনারে ৯ লাখ ৬০ হাজার লিটার জ্বালানি তেল নিয়ে একটি ট্রেন চট্রগ্রাম থেকে এসে ঈশ্বরদীর বাইপাশ রেল স্টেশনে দাঁড়িয়েছিল। দিনাজপুর থেকে ঢাকাগামী আন্তঃনগর একতা এক্সপ্রেস সিগন্যাাল অমান্য করে তেলবাহী ট্রেনটিকে ধাক্কা দেয়। এতে ট্রেনের ইঞ্জিনসহ ৩টি বগি এবং তেলবাহী ট্রেনের দু'টি কন্টেইনার লাইনচ্যুত হয়। দু'টি কন্টেইনারের প্রতিটিতে ৪০ হাজার লিটার করে পেট্রোল ছিল।
এরপর বুধবার গভীররাত এবং বৃহস্পতিবার সারাদিন ধরে পাইপের সাহায্যে প্রকাশ্যে চলতে থাকে তেল চুরি। বালতি, ড্রাম, কলসি, বদনাসহ শত শত পুরুষ মহিলা এতে অংশ নেয়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে জিআরপি কিংবা পুলিশ পাঠানো হয়নি।
এর আগে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার জন্য একটি কমিটি গঠন হয়।
বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা আনোয়ারুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার সৈয়দপুর থেকে উদ্ধারকারী ট্রেন এসে বগিগুলো উদ্ধার করেছে। রেল চলাচলও স্বাভাবিক হয়েছে।
তবে তেল চুরির ব্যাপারে তিনি কোন প্রশ্নের উত্তর দেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/১৭৫৩ ঘ.
bdnews24