২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোনো বাংলাদেশি শ্রমিককে ফেরত পাঠায়নি মালয়েশিয়া : সরকার

৫৫ হাজার বাংলাদেশির ভিসা বাতিলের পর তিন শ'রও বেশি বাংলাদেশি শ্রমিককে মালয়েশিয়া ফেরত পাঠিয়েছে বলে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর শুক্রবার নাকচ করে দিয়েছে সরকার। বুধবার এই ৫৫ হাজার বাংলাদেশির ভিসা বাতিল করে মালয়েশীয় কর্তপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2009, 04:58 PM

Updated : 26 Aug 2022, 11:10 AM

ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৫৫ হাজার বাংলাদেশির ভিসা বাতিলের পর তিন শ'রও বেশি বাংলাদেশি শ্রমিককে মালয়েশিয়া ফেরত পাঠিয়েছে বলে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর শুক্রবার নাকচ করে দিয়েছে সরকার। বুধবার এই ৫৫ হাজার বাংলাদেশির ভিসা বাতিল করে মালয়েশীয় কর্তপক্ষ। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের অভিবাসন বিভাগের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা জানান, পাসপোর্ট না থাকায় মাত্র ২৫ শ্রমিককে ফেরত পাঠানো হয়েছে। প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন শ্রমিকদের এই ফেরত পাঠানোকে 'নিয়মিত ঘটনা' বলে অভিহিত করেছেন। বিমানবন্দরের অভিবাসন বিভাগের কর্মকর্তা এলিজা শারমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শুক্রবার বলেন, "মালয়েশিয়া থেকে তিন শ' শ্রমিককে দেশে ফেরত পাঠিয়ে দেওয়ার ব্যাপারে কোনো তথ্য আমাদের কাছে নেই।" বৈধ পাসপোর্ট না থাকায় মাত্র ২৫ জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, "কোন কোন সংবাদ মাধ্যমে প্রচারিত খবর অনুযায়ী তিন শ' জনকে দেশে ফেরত পাঠিয়ে দেয়ার ব্যাপারে কোন তথ্য আমার কাছে নেই।" এর ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, মালয়েশিয়া কোন শ্রমিককে দেশে ফেরত পাঠালে তা সবার আগে জানবে অভিবাসন বিভাগ। পাসপোর্ট না থাকায় কতজনকে ফেরত পাঠানো হয়েছে, তার হিসেবও রাখছে অভিবাসন বিভাগ। শারমিন বলেন, "আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা-সাক্ষাৎ করার জন্য দৈনিক প্রায় চার শ' শ্রমিক মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসছে।" একে তিনি নিয়মিত ঘটনা হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, "তাদের জোর করে দেশে ফেরত পাঠানো হয়নি। বরং তাদের এই আগমন নিয়মিত ঘটনা।" বেসরকারি টেলিভিশন চ্যানেল ও কয়েকটি দৈনিকে শুক্রবার প্রচারিত খবরে বলা হয়, মালয়েশিয়া তিন শ' শ্রমিককে জোর করে দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে। প্রবাসী কল্যাণমন্ত্রী শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মালয়েশিয়ায় প্রায় ছয় লাখ বাংলাদেশী রয়েছে। তাদের মধ্য থেকে দৈনিক তিন থেকে চার শ' লোকের দেশে বেড়াতে আসা মোটেও অস্বাভাবিক কোন ঘটনা নয়। "মালয়েশিয়া যদি ভাড়া করা বিমানে তিন থেকে চার হাজার বাংলাদেশীকে ফেরত পাঠায় তাহলে তা হবে উদ্বেগের বিষয়।" দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোয় বৈশ্বিক অর্থনৈতিক সংকটের নেতিবাচক প্রতিক্রিয়া পড়ায় মালয়েশিয়া বুধবার ৫৫ হাজার বাংলাদেশী শ্রমিকের ভিসা বাতিল করে। শিগগিরই তাদের মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী, প্রায় পাঁচ লাখ বাংলাদেশী বৈধভাবে মালয়েশিয়ায় রয়েছে। বাংলাদেশ যেসব দেশে জনশক্তি রপ্তানি করে থাকে তার মধ্যে মালয়েশিয়ার অবস্থান দ্বিতীয়। সব চেয়ে বেশি বাংলাদেশী কাজ করছে সৌদি আরবে। দেশটিতে প্রায় ২০ লাখ বাংলাদেশী রয়েছে। বাংলাদেশ প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে বাংলাদেশের জনশক্তি রপ্তানির বাজার সঙ্কুচিত হয়ে পড়তে পারে। এর ফলে রেমিটেন্সের প্রবাহও কমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিআর/এইচএ/২২৫৫ ঘ.