ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বসুন্ধরা সিটির আগুন ধীরে ধীরে নিভতে শুরু করেছে। ভবনটির ভেতরে আটকা পড়া লোকজনকে উদ্ধার করার জন্য সেনাবাহিনী ও নৌবাহিনীর দুটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। এর মধ্যে হেলিকপ্টার দিয়ে উদ্ধার করা হয়েছে একজন।
শুক্রবার দুপুর দেড়টার পর বসুন্ধরা সিটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি হয়েছে বলে জানান স্বরাষ্ট্র সচিব আব্দুস সোবহান সিকদার।
ঘটনাস্থলে তিনি সাংবাদিকদের জানান, পুলিশ ও দমকল বাহিনীর একজন করে প্রতিনিধিও কমিটিতে আছেন।
আগুন নিয়ন্ত্রণে ও উদ্ধার কাছে সহযোগিতার জন্য বিকেল ৪টা ১০ মিনিটে সেনাবাহিনীর দলটি সেখানে যায়। তারা ভবনটির বিভিন্ন প্রবেশ পথে অবস্থান নিয়েছে। ঘটনাস্থল থেকে জানানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সুমন কায়সার, হুমায়ুন হাশিম, লিটন হায়দার, রিয়াজুল বাশার, সায়েদুল ইসলাম তালাত ও গোলাম মর্তূজা অন্তু।
দমকল বাহিনীর কর্মকর্তারা জানান, ভবনের ১৭ তলার আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। অন্যসব তলার আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
তবে ভবনের টাওয়ারের সামনের অংশের আগুন নিয়ন্ত্রণ করা গেলেও পেছনের অংশে এখনো আগুন জ্বলছে।
বসুন্ধরা গ্র"পের নির্বাহী পরিচালক জাহিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগুনে ভবনের ১৭ থেকে ১৯ তলা পর্যন্ত ক্ষয়ক্ষতি হয়েছে। নিচ থেকে ১৩ তলা পর্যন্ত নিরাপদ আছে। আট তলা পর্যন্ত শপিং মলের দোকানের কোন ক্ষয়ক্ষতি হয়নি।"
আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনীসহ সবাই চেষ্টা করছেন বলেও তিনি জানান।
জাহিদ বলেন, ভবনটির ১১ থেকে ২০ তলা পর্যন্ত প্রতিষ্ঠানটির করপোরেট কার্যালয়। এছাড়া নয় থেকে ১০ পর্যন্ত জিমনেসিয়াম রয়েছে। ২০ তলায় বসুন্ধরা গ্র"পের চেয়ারম্যানের কার্যালয়।
এদিকে, বাণিজ্যমন্ত্রী ফারুক খান, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ ঘটনাস্থলে গেছেন।
ভবনটির ভেতর থেকে হেলিকপ্টার দিয়ে উদ্ধার করা ব্যক্তি হলেন- বসুন্ধরা গ্র"পের অগ্নি নির্বাপক বিভাগের কর্মকর্তা কাজী গোলাম মোস্তফা।
এছাড়া এখন পর্যন্ত আগুনে আহত ১৭ জনকে বেসরকারি শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উদ্ধারকারী সেনাবাহিনীর দলটির নেতৃত্ব দেওয়া ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার সাংবাদিকদের বলেন, "আমরা আগুন নেভানো এবং আটকে পড়াদের উদ্ধারের কাজে নিয়োজিত দমকল বাহিনীকে সহযোগিতা করতে এসেছি। একইসঙ্গে এ এলাকার নিরাপত্তা ও আইন-শৃঙ্খলার বিষয়টিও আমরা দেখছি। কারণ এখানে অনেক মূল্যবান সম্পত্তি রয়েছে।"
৪টার ৪৫ মিনিটের দিকে নৌবাহিনীর একটি দল উদ্ধার অভিযানে অংশ নেয়। তারা অগ্নি নিরোধক পোশাকে সজ্জিত হয়ে ভবনটির ভেতরে ঢুকেছে।
শুক্রবার দুপুর দেড়টার পর বসুন্ধরা সিটি কমপ্লেক্সে অবস্থিত প্রতিষ্ঠানটির কর্পোরেট কার্যালয়ে আগুন ধরে। ধীরে ধীরে আগুন উপরের দিকে ওঠে এবং টাওয়ার হিসেবে পরিচিত কমপ্লেক্সের একদিকের ওপর অংশ পুড়ে যায়।
ঘটনাস্থলে উপস্থিত বিমানবাহিনীর এক কর্মকর্তা জানান, দমকল বাহিনীর অনুরোধে তারা এখানে এসেছেন। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
বসুন্ধরা গ্র"পের উপ ব্যবস্থাপনা পরিচালক মো: তৌহিদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কিভাবে আগুন লেগেছে বুঝতে পারছিনা। কয়েকজনকে নথিপত্র আনতে ভেতরে পাঠালেও তারা আনতে পারেনি। মূলত অফিসেই আগুন ধরেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন জায়গায় যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।"
পুলিশের আইজিপি নূর মোহাম্মদ ঘটনাস্থলে রয়েছেন। তিনি বলেন, "আমরা তো কারিগরি সহযোগিতা করতে পারিনা। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে অন্য কোনভাবে সাহায্য করতে পারি কিনা তাই দেখতে এসেছি।"
শপিং মলের বিসমিল্লাহ স্টোরের মালিক তোফায়েল আহমেদ বলেন, "দুপুর ১টা ৪০ মিনিটে ভিতরে বসে টিভিতে দেখতে পাই আগুন লেগেছে। মালামাল বের করতে দেয়নি। শপিং মলের নিরাপত্তা কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়ে দমকল বাহিনীকে খবর দেয়।"
তার দাবি, ২১ তলায় চেয়ারম্যানের কক্ষে প্রথম আগুন ধরে। পরে তা ছড়িয়ে পড়ে।
দমকল বাহিনীর পরিচালক মেজর মতিয়ুর জানান, আগুন নিয়ন্ত্রনে আনতে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার সব দমকল ইউনিটকে ঢাকায় তলব করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "দুপুর দেড়টায় প্রথমে আগুনের ধোঁয়া দেখা যায়। পরে সেটা কমে গেলেও দুপুর দুটা থেকে তা ব্যাপক আকার ধারণ করে।"
মেজর মতিয়ুর আরো জানান, ভবনের ১৮ তলা থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। আগুন দ্রুত উপরের দিকে উঠছে। দুপুর সাড়ে তিনটার দিকে মই জোড়া লাগিয়ে পানি ছিটানোর চেষ্টা করলেও তাতে আগুন নেভানো সম্ভব হচ্ছেনা।
সোনারগাঁ হোটেল থেকে পান্থপথ সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার নাইম আহমেদও ঘটনাস্থলে আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/এসআইটি/জিএমএ/এইচএ/এফএফ/জিএনএ/এমএসবি/১৬৫২ ঘ.
bdnews24