বিডিনিউজ, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পার্বত্য জেলা বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার গহীন অরণ্য থেকে এম-১৬ রাইফেল, এসএলআরসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে জঙ্গল ও পাহাড়ী ঝিরির পাশে লুকিয়ে রাখা এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এছাড়া বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর একটি করে দুই সেট ইউনিফর্মও পাওয়া গেছে বলে জানান বান্দরবান ৬৯ পদাতিক ব্রিগেডের কর্মকর্তা মেজর মোসলেহ।
এ ঘটনায় জড়িত সন্দেহে রোয়াংছড়ি উপজেলার অংজাই পাড়ার পুহ্লাং মারমার দুই ছেলে ক্যামং মারমা (২৯) ও ক্যাচিং নু মারমাকে (২৩) আটক করা হয়েছে। শুক্রবার তাদের বান্দরবান সদর জোনের সেনা দপ্তরে আনা হয়েছে। সেখানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের মধ্যে আছে- যুক্তরাষ্ট্রের তৈরি গ্রেনেড লাঞ্চার সংযুক্ত একটি এম-১৬ রাইফেল, একটি এসএলআর (সেলফ লোডিং রাইফেল), ১৮টি গ্রেনেড লাঞ্চার, এসএমজি'র গুলি ২৯৯ রাউন্ড, এসএলআর-এর গুলি ৯১ রাউন্ড, এম-১৬ রাইফেলের দুটি ম্যাগজিন, চারটি থলি, একটি হেমোক, একটি অস্ত্র রাখার ব্যাগ, বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর একটি করে দুই সেট ইউনিফরমসহ বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম।
মেজর মোসলেহ সাংবাদিকদের জানান, গোয়েন্দা সূত্র এবং আগে আটক এক সন্ত্রাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে ৩৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বান্দরবান সদর জোনের মেজর খালেদের নেতৃত্বে সেনাবাহিনীর তিনটি দল বৃহস্পতিবার গভীর রাতে রোয়াংছড়ি উপজেলার ব্যাঙছড়ির অংজাই পাড়া এলাকার গহীন অরণ্যে অভিযান চালায়।
অভিযানের নেতৃত্ব দেওয়া মেজর খালেদ জানান, তাদের কাছে তথ্য ছিল- রোয়াংছড়ি ও রুমা উপজেলার গভীর জঙ্গলে অস্ত্রধারী সন্ত্রাসীরা অবস্থা করছে। এর সূত্র ধরে গত ৫-৬ মাস যাবত তারা গ্র"পটিকে আটক ও অস্ত্র উদ্ধারে নজরদারি জোরদার করেন। এসময় একাধিকবার অভিযানও চালানো হয়।
তিনি জানান, বৃহস্পতিবার রাতে তার নেতৃত্বে সেনাবাহিনীর তিনটি দল রোয়াংছড়ির ব্যাংছড়ি এলাকার অংজাই পাড়া থেকে ২-৩ কিলোমিাটর দূরে গভীর জঙ্গলে অভিযান চালায়।
নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানান, এর আগে গত ১৯ ফেব্র"য়ারি বান্দরবান সদর জোনের ক্যাপ্টেন মীর্জার নেতৃত্বে আরো একটি অভিযান চালানো হয়। সে সময় রোয়াংছড়ির ব্যাংছড়ি এলাকা থেকে দুটি চীনা রাইফেল ও বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করা হয়।
তারা জানান, আগের অভিযানে রোয়াংছড়ির অংজাই পাড়ার পুহ্লা অং মারমার ছেলে পুইচাথুইসহ দুই সন্ত্রাসীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার অভিযান চালায় সেনাবাহিনী। এ অভিযানে আটক দুজন পুইচাথুই এর আপন ভাই। এরাও সন্ত্রাসী গ্র"পটির সঙ্গে জড়িত। এদের জিজ্ঞাসাবাদ করা হলে আরো অনেক তথ্য পাওয়া যাবে বলে জানান তারা।
আটক ক্যামং ও ক্যাচিংনু মারমা জানিয়েছেন- মিয়ানমারের ডেমোক্রেটিক ফ্রন্ট অফ আরাকান (ডিপিএ) সদস্যরা তাদের কাছে এসব অস্ত্র রাখতে দিয়েছে। তারা অস্ত্রগুলো জঙ্গলে লুকিয়ে রেখেছিল।
ডিপিএ'র সঙ্গে তারা জড়িত কিনা সাংবাদিকরা জানতে চাইলে তারা এ প্রশ্নে কোনো জবাব দেননি।
মেজর মোসলেহ জানান, ৬৯ পদাতিকে ব্রিগেডের বিভিন্ন ইউনিট গত ২/৩ মাস যাবত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটটি বিদেশি স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় আগ্নেয়াস্ত্র, গ্রেনেড, গোলাবারুদ ও অন্যান্য সামরিক সরঞ্জাম উদ্ধার করে।
তিনি বলেন, "বান্দরবানসহ সীমান্ত এলাকার নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সন্ত্রাসীদের নির্মূল ও অবৈধ অস্ত্র উদ্ধারে নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬০৮ ঘ.
bdnews24