ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রনে আনতে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার সব দমকল ইউনিটকে ঢাকায় তলব করা হয়েছে বলে জানিয়েছেন দমকল বাহিনীর পরিচালক মেজর মতিয়ুর।
এছাড়া দমকল বাহিনীর ৫টি ইউনিট আগুন নেভানোর প্রস্তুতি নিচ্ছে। দমকল কর্মীরা ভবনের ভেতরে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "দুপুর দেড়টায় প্রথমে আগুনের ধোঁয়া দেখা যায়। পরে সেটা কমে গেলেও দুপুর দুটা থেকে তা ব্যাপক আকার ধারণ করে।"
মেজর মতিয়ুর আরো জানান, ভবনের ১৮ তলা থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। আগুন দ্রুত উপরের দিকে উঠছে। দুপুর সাড়ে তিনটার দিকে মই জোড়া লাগিয়ে পানি ছিটানোর চেষ্টা করলেও তাতে আগুন নেভানো সম্ভব হচ্ছেনা।
সোনারগাঁ হোটেল থেকে পান্থপথ সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার নাইম আহমেদ ঘটনাস্থলে আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/এসআইটি/এফএফ/জিএনএ/১৫৩০ ঘ.
bdnews24