ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বসুন্ধরা সিটির আগুন আরো ছড়িয়ে পড়ছে।
ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক সায়েদুল ইসলাম তালাত জানান, আগুনে পুড়ে যাওয়া ভবনের কাঁচ ভেঙ্গে নিচের দিকে পড়ছে। এখনও উপরের দিকে দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুন নেভার আপাত কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হুমায়ন হাশিম জানান, এখনও ভেতরে আটকে পড়া লোকজনের মুখ দেখা যাচ্ছে।
ঘটনাস্থলে উপস্থিত বিমানবাহিনীর এক কর্মকর্তা জানান, দমকল বাহিনীর অনুরোধে তারা এখানে এসেছেন। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
বসুন্ধরা গ্র"পের উপ ব্যবস্থাপনা পরিচালক মো: তৌহিদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কিভাবে আগুন লেগেছে বুঝতে পারছিনা। কয়েকজনকে নথিপত্র আনতে ভেতরে পাঠালেও তারা আনতে পারেনি। মূলত অফিসেই আগুন ধরেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন জায়গায় যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।"
গোলাম মর্তুজা অন্তু জনাচ্ছেন, কালো ধোঁয়ায় পান্থপথের আকাশ আচ্ছন্ন হয়ে পড়ছে। মই প্রথমে তুলে নেওয়া হলেও আবার মই জোড়া লাগিয়ে পানি ছিটানোর চেষ্টা চলছে। দোকান মালিকরা উদ্বিগ্ন চোখে দূূর থেকে পরিস্থিতি খেয়াল করছেন।
পুলিশের আইজিপি নূর মোহাম্মদ ঘটনাস্থলে রয়েছেন। তিনি বলেন, "আমরা তো কারিগরি সহযোগিতা করতে পারিনা। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে অন্য কোনভাবে সাহায্য করতে পারি কিনা তাই দেখতে এসেছি।"
শপিং মলের বিসমিল্লাহ স্টোরের মালিক তোফায়েল আহমেদ বলেন, "দুপুর ১টা ৪০ মিনিটে ভিতরে বসে টিভিতে দেখতে পাই আগুন লেগেছে। মালামাল বের করতে দেয়নি। শপিং মলের নিরাপত্তা কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়ে দমকল বাহিনীকে খবর দেয়।"
তার দাবি, ২১ তলায় চেয়ারম্যানের কক্ষে প্রথম আগুন ধরে। পরে তা ছড়িয়ে পড়ে।
দমকল বাহিনীর পরিচালক মেজর মতিয়ুর জানান, আগুন নিয়ন্ত্রনে আনতে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার সব দমকল ইউনিটকে ঢাকায় তলব করা হয়েছে।
এছাড়া দমকল বাহিনীর ৫টি ইউনিট আগুন নেভানোর প্রস্তুতি নিচ্ছে। দমকল কর্মীরা ভবনের ভেতরে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "দুপুর দেড়টায় প্রথমে আগুনের ধোঁয়া দেখা যায়। পরে সেটা কমে গেলেও দুপুর দুটা থেকে তা ব্যাপক আকার ধারণ করে।"
মেজর মতিয়ুর আরো জানান, ভবনের ১৮ তলা থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। আগুন দ্রুত উপরের দিকে উঠছে। দুপুর সাড়ে তিনটার দিকে মই জোড়া লাগিয়ে পানি ছিটানোর চেষ্টা করলেও তাতে আগুন নেভানো সম্ভব হচ্ছেনা।
সোনারগাঁ হোটেল থেকে পান্থপথ সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার নাইম আহমেদও ঘটনাস্থলে আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/এসআইটি/জিএমএ/এইচএ/এফএফ/জিএনএ/১৬০৫ ঘ.
bdnews24