২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে সড়ক দুর্ঘটনা, গণপিটুনি, মলম পার্টির খপ্পরে পড়ে নিহত চার

সড়ক দুর্ঘটনা, গণপিটুনি ও মলম পার্টির খপ্পরে পড়ে রাজধানীতে পুলিশের এক ট্রাফিক সার্জেন্টসহ চারজন নিহত হয়েছেন। আহত হন ১৪ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2009, 07:25 PM

Updated : 26 Aug 2022, 11:10 AM

ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- সড়ক দুর্ঘটনা, গণপিটুনি ও মলম পার্টির খপ্পরে পড়ে রাজধানীতে পুলিশের এক ট্রাফিক সার্জেন্টসহ চারজন নিহত হয়েছেন। আহত হন ১৪ জন। এর মধ্যে বৃহস্পতিবার সকালে দ্রুতগামী ট্রাকের চাপায় মহাখালীতে নিহত হন ট্রাফিক পুলিশের সার্জেন্ট আবু মোস্তফা সাখাওয়াত কবির (৩৫)। এর প্রায় এক ঘন্টা আগে ফার্মগেটে বাস উল্টে নিহত হন চালক কবির হোসেন (৩২)। এর আগে ভোরে কাজীপাড়ার বাঁশবাড়ী এলাকায় ছিনতাইকারী সন্দেহে এলাকাবাসীর গণপিটুনিতে মামুন (২১) নামের এক যুবক নিহত হয়। আগের দিন বুধবার রাতে মলমপার্টির সদস্যরা মো. আব্দুল আজিজ (৩৫) নামের এক ব্যক্তিকে হত্যা করে। তিনি ইউনি হেলথ ফার্মাসিটিকেলসের এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। গুলশান থানার উপ--পরিদর্শক নাজমুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মহাখালী ফ্লাইওভারের কাছে সার্জেন্ট আবু মোস্তফা সাখাওয়াত কবির তার দায়িত্ব পালন করছিলেন। এক পর্যায়ে তিনি একটি দ্রুতগামী ট্রাককে হাতের ইশারায় থামতে বলেন। কিন্তু চালক তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই ট্রাফিক সার্জেন্ট মারা যান। পরে গুলশান থানা পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তেজগাঁও থানার উপ--পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, ১৫ নম্বর রুটের একটি বাস সকাল ৮ টার দিকে ফার্মগেটে একটি আইল্যান্ডের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে দ্রুতগামী বাসটি রাস্তার উপর উল্টে পড়ে। স্থানীয় লোকজন যাত্রী এবং বাস চালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ফার্মগেট এলাকার বিভিন্ন ক্লিনিকে নিয়ে যায়। এতে মোট দশজন আহত হন। বাস চালককে হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ কর্মকর্তা জানান, দুর্ঘটনায় নিহত বাস চালক কবির হোসেন চালকের সহকারী হিসেবে কাজ করতেন। চালকের অনুপস্থিতিতে তিনি মাঝে মাঝে বাস চালান। তার অদক্ষতার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে তিনি দাবি করেন। মিরপুর থানার উপ--পরিদর্শক রফিকুল ইসলাম জানান, কাজিপাড়ার বাঁশবাড়ি এলাকায় বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে পথচারীদের গতিরোধ করে ছিনতাই করে পালানোর সময় স্থানীয় লোকজনের হাতে ধরা পড়ে মামুন এবং তার ৪ সহযোগী খলিলুর রহমান (২০), রানা (২০), সুমন (২০) ও নেওয়াজ আলী (২০)। পরে লোকজন তাদের গনপিটুনি দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছিনতাইকারীদের উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ১০টার দিকে মামুন মারা যায়। আহত ৪ ছিনতাইকারীকে পুলিশ পাহারায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে বৃহস্পতিবার রাতে থানায় ফিরিয়ে নেওয়া হয়েছে। তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক মোক্তার জানান, নাবিস্কোর সামনের রাস্তায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ বৃহস্পতিবার ভোরে এক ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ পরিচয় না পেয়ে অজ্ঞাত পরিচয়ের লাশ হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। বৃহস্পতিবার সকালে নিহতের সহকর্মীরা আব্দুল আজিজের লাশ সনাক্ত করেন। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা জানান, ধারণা করা হচ্ছে অজ্ঞান পার্টির সদস্যরা বুধবার রাতে নিহতের সব কিছু ছিনিয়ে নিয়ে চলন্ত সিএনজি অটোরিকশা থেকে তাকে রাস্তায় ফেলে দেয়। আব্দুল আজিজের বাবার নাম আব্দুল জব্বার। বাড়ি বগুড়ার দুপচাচিয়া এলাকায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/টিআর/২৩৫৪ ঘ.