২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ পর্যন্ত বিডিআরের ২৩৬ সদস্য গ্রেপ্তার: তদন্ত কর্মকর্তা

বিদ্রোহের ঘটনায় ২৩৬ বিডিআর সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল কাহার আকন্দ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2009, 05:02 PM

Updated : 26 Aug 2022, 11:10 AM

ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- বিদ্রোহের ঘটনায় ২৩৬ বিডিআর সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল কাহার আকন্দ। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সিনিয়র সহকারী সুপারিনটেনডেন্ট (এএসপি) আব্দুল কাহার আকন্দ বৃহস্পতিবার সন্ধ্যায় বিডিআর সদর দপ্তরের ফটকে সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, "আমাদের তদন্ত চলছে। সাক্ষ্য নেওয়া হচ্ছে। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ করছি। নতুন নতুন আসামীর নাম পাওয়া যাচ্ছে। তাদের তালিকাভুক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।" এএসপি আকন্দ বলেন, ২৩৬ জনের বিরুদ্ধে অনেক তথ্য-প্রমাণ পাওয়া গেছে। আরো পাওয়া যাবে বলে তিনি আশা করছেন। এ ঘটনার সঙ্গে জঙ্গি গোষ্ঠী জেএমবি'র সংশ্লিষ্টতা রয়েছে বলে বাণিজ্য মন্ত্রী ফারুক খানের বক্তব্য সম্পর্কে সাংবাদিকদের কাছে কোনও মন্তব্য করতে চাননি তিনি। আকন্দ বলেন, "উনি কি বলেছেন তা আমি বলতে পারবো না। আমারটা আমি বলছি, আমি এ বিষয়ে কিছু বলতে পারবো না। মন্ত্রীর কথার ওপর আমার তো কিছু বলার নেই।" তিনি আরো জানান, ঘটনাস্থল পরিদর্শনকারী এফবিআই ও স্কটল্যান্ড ইয়ার্ডের সদস্যরা এ বিষয়ে সিআইডির সঙ্গে আলোচনা করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/টিআর/এসকে/২২৫৭ঘ.