সিলেট, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রক্টরিয়াল কমিটি গঠন করা হয়েছে।
বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার প্রদীপ কুমার বসাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একজন প্রক্টর, একজন ছাত্রকল্যাণ উপদেষ্টা ও তিনজন সহকারী প্রক্টর নিয়োগের কথা জানানো হয়।
নিয়োগপ্রাপ্তরা হলেন, প্রক্টর- রসায়ন বিভাগের অধ্যাপক ড. এস.এম সাইফুল ইসলাম, ছাত্রকল্যাণ উপদেষ্টা- ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস এবং তিনজন সহকারী প্রক্টর- পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক আশরাফুল আলম মিন্টু, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. আবদুল মুনিম জোয়ারদার এবং সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. ফারুক উদ্দিন।
সন্ধ্যায় শাবিপ্রবি'র উপাচার্য ড. সালেহউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পাঁচ সদস্যবিশিষ্ট প্রক্টরিয়াল কমিটি গঠন করা হয়েছে।"
তিন বছরের জন্য তাদের নিয়োগ দেওয়া হয়েছে।
প্রক্টর অধ্যাপক সাইফুল ইসলাম বুধবারই দায়িত্বভার গ্রহণ করেছেন। অন্যরা বৃহস্পতিবার দায়িত্ব বুঝে নেবেন বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৫২ ঘ.
bdnews24