ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দীর্ঘ প্রতীক্ষার পর বুধবার মাত্র ২০ জন বিডিআর সদস্যের পরিবার পিলখানার ভেতরে তাদের স্বজনের সঙ্গে দেখা করতে পেরেছেন।
এছাড়া এ পর্যন্ত ২৫৩ টি পরিবার তাদের স্বজনদের সঙ্গে দেখা করার জন্য তালিকাভুক্ত হয়েছেন। কিন্তু তালিকার বাইরেও অনেক উৎকণ্ঠিত স্বজন ভীড় করছেন বিডিআর সদর দপ্তরের ফটকে।
তাদেরকে পাঁচ দিন পর সদর দপ্তরের ফটকে যোগাযোগ করতে বলা হয়েছে।
কাজে যোগদান করা বিডিআর সদস্যদের সঙ্গে স্বজনদের দেখা করতে দেওয়া হচ্ছে খবর পেয়ে বুধবার সকাল থেকেই বিডিআর সদর দপ্তরের প্রধান ফটকে তাদের পরিবার-পরিজনরা এসে ভিড় করতে থাকে।
বিকেল চারটার সময় প্রধান ফটকের তথ্যকেন্দ্র থেকে ঘোষণা দেয়া হয়, এ পর্যন্ত ২৪৫ জনের সঙ্গে দেখা করার জন্য সদস্যদের নাম তালিকাভুক্ত করা হয়েছে। পরে সন্ধ্যায় আরও আটজনের স্বজনের নাম এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। বাকিদের সঙ্গে দেখা করার জন্য পাঁচ দিন পরে যোগাযোগ করতে বলা হয়।
ছেলের সঙ্গে দেখা করতে আসা সিপাহী শহীদুজ্জামানের বাবা গোলাম কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রিপোর্টিংয়ের পর থেকে ছেলের কোন খোঁজ পাননি । ছেলের সঙ্গে একবার কথা বলতে চান তিনি।
তিনি বলেন, তার ছেলে ভালো আছে এমন একটি খবর অন্তত তাকে দেওয়া হোক। তার স্ত্রী ছেলের চিন্তায় অসুস্থ হয়ে পড়েছেন।
সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার সাবেক বিডিআর সদস্য আবু হাসান শাওনের বোন সাবিনা ইয়াসমিন বলেন, শাওন সাবেক বিডিআর সদস্য হলেও গত ছয় মাস ধরে সে একটি নিরাপত্তা সংস্থায় কাজ করতো।
সাবিনা জানান, শাওনকে ৬ মার্চ সন্দেহভাজন হিসেবে কাফরুল থেকে গ্রেপ্তার করে র্যাব। পরে তাকে বিডিআর সদর দপ্তরে নিয়ে আসা হয় বলে থানা থেকে জানানো হয়েছে। ছেলের চিন্তায় তার মা অসুস্থ হয়ে পড়েছেন।
এমন আরো অনেক বিডিআর সদস্যের পরিবার তাদের স্বজনদের সঙ্গে দেখা করার জন্য সদর দপ্তরের ফটকে ভিড় জমাচ্ছেন। সবার একই আকুতি, পরিবারের সদস্যটি ভালো আছে অন্তত এমন নিশ্চয়তা তাদের দেয়া হোক। অধিকাংশই আবার সঙ্গে নিয়ে এসেছেন খাবার-দাবার।
টিভিতে খবর দেখে হুমায়ুন কবির এসেছেন, তার ভগ্নিপতি ইয়াকুব আলীর সঙ্গে দেখা করার জন্য। সঙ্গে নিয়ে এসেছেন বোনের তৈরি করে দেওয়া খাবার ও মুড়ি-চিড়া। কাজে যোগ দেয়ার পর থেকে ভগ্নিপতির সঙ্গে আর কোন যোগাযোগ হয়নি তাদের।
এরকম মুড়ি-চিড়া ব্যাগে বেধে নিয়ে এসেছেন অনেকেই। পিলখানার ভেতরে তাদের স্বজনরা খাবারের কষ্টে রয়েছেন বলে তাদের দাবী।
প্রধান ফটকে অপেক্ষায় থাকা চট্টগ্রাম থেকে আসা কয়েকটি পরিবার অভিযোগ করেন, এভাবে প্রতিদিন ২০ জন করে দেখা করতে দিলে সবার পরিবারের সঙ্গে দেখা করতে তো বছর পেরিয়ে যাবে। এ ব্যবস্থার ধীর গতি নিয়ে তারা সেখানে ক্ষোভ প্রকাশও করেন।
বুধবার সকালে সাত বিডিআর সদস্যের পরিবারের সাতজন এবং বিকেলে পাঁচ সদস্যের পরিবারের তিনটি শিশুসহ পাঁচজন তাদের স্বজনদের সঙ্গে দেখা করেন। সন্ধ্যায় বাকী পরিবারগুলো ভেতরে প্রবেশ করে।
ভেতরে গিয়ে স্বামী সিপাহী সোহেলের সঙ্গে দেখা করেছেন স্ত্রী মঞ্জু আরা। তিনি জানান, বিকেলে পাঁচ থেকে সাত মিনিট ফটক সংলগ্ন পুকুর পাড়ে তার স্বামীর সঙ্গে দেখা করার সুযোগ পান।
এ সময় আরও পাঁচটি বিডিআর পরিবার তার স্বজনদের সঙ্গে দেখা করেন। তারা জানান, এসময় সেনা সদস্যরাও সেখানে উপস্থিত ছিলো।
মঞ্জু আরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার স্বামী ভাল আছে। তাদের সরকার থেকে লুঙ্গি, তোয়ালে, সাবান, পেস্ট সবই দেওয়া হচ্ছে। আমরা যে রকম ভয় পাচ্ছিলাম সেরকম কোনও কষ্ট দেওয়া হচ্ছে না। খালি খাবারের একটু কষ্ট রয়েছে। তবে তারা বাইরে থেকে কোনও খাবার নিতে দেয়নি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/কিউএইচ/এএনএস/এইচএ/০০০২ঘ.
bdnews24