চট্টগ্রাম, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-চট্টগ্রামের আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলার জিজ্ঞাসাবাদের তৃতীয় দিনে সিইউএফএল কর্মকর্তারা অস্ত্র খালাসের বিষয়টি তাৎক্ষণিকভাবে 'উপর মহলে' জানিয়েছেন বলে দাবি করেছেন।
বুধবার সিআইডি কার্যালয়ে তৃতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদে তারা জানান, বিষয়টি উর্ধতন কর্মকর্তাদের অবহিত করা হলেও তারা এ বিষয়ে কোন উদ্যোগ নেন।
আগের দুই দিনের জিজ্ঞাসাবাদে সিইউএফএল এর পাঁচ সাবেক কর্মকর্তা অস্ত্র খালাস নিয়ে পরপরস্পরবিরোধী বক্তব্য দেন।
জিজ্ঞাসাবাদের প্রথমদিকে উর্ধতন এ পাঁচ কর্মকর্তা সিআইডিকে বলেন, সিইউএফএল জেটিতে অস্ত্র খালাসের বিষয়ে তারা কিছু জানতেন না। পরে পরস্পরের মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হলে তারা তথ্য দিতে শুরু করেন বলে সিআইডি কর্মকর্তারা জানান।
চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) এর তৎকালীন মহাব্যবস্থাপক মোহসিন তালুকদার, ব্যবস্থাপক (প্রশাসন) এনামুল হক, ব্যবস্থাপক (মার্কেটিং) সরওয়ার কামাল, সিকিউরিটি অফিসার জয়নাল আবেদীন ও সহকারী নিরাপত্তা কর্মকর্তা মুবিন হোসেনকে বুধবার দিনভর তৃতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ করা হয়।
এ পাঁচজন ছাড়াও বুধবার সিইউএফএল এর তখনকার আনসার কমান্ডার আবু তৈয়ব, হাবিলদার সিদ্দিকুর রহমান, কর্ণফুলী পুলিশ ফাঁড়ির সেসময়ের সার্জেন্ট আলাউদ্দিন ও সার্জেন্ট হেলালকে জিজ্ঞাসাবাদ করা হয়। শেষের দুই পুলিশ সদস্য বর্তমানে সাময়িক বরখাস্ত।
বুধবার সন্ধ্যা পর্যন্ত দুই পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদ চলছিল বলে মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) সিআইডি চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (এএসপি) মনিরুজ্জামান চৌধুরী সাংবাদিকদের জানান।
আইও জানান, পাঁচ কর্মকর্তা আগে 'অসংলগ্ন' তথ্য দিলেও তৃতীয় দিনে অস্ত্র খালাস বিষয়টি তাদের জানা থাকা এবং ওপর মহলকে অবহিত করার বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন,এসব তথ্য যাচাই করা হবে এবং তা মামলার অগ্রগতিতে সহায়ক হবে।
এএসপি মনিরুজ্জামান চৌধুরী জানান, সিইউএফএল এর সাবেক কর্মকর্তারা বর্তমানে সিআইডির হেফাজতে রয়েছেন। প্রয়োজনে তাদের আবার জিজ্ঞাসাবাদ করা হবে।
২০০৪ সালের ১ এপ্রিল কর্ণফুলী নদী তীরবর্তী সার কারখানা সিউএফএল এর জেটিতে দুটি ট্রলার থেকে খালাস করা দশ ট্রাক অস্ত্র ও গোলাবারুদ আটক করে পুলিশ। বাংলাদেশের ইতিহাসে ধরা পড়া অবৈধ অস্ত্রের বৃহত্তম এ চালান নিয়ৈ ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। এ অস্ত্র ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী উলফার হতে পারে বলে আটকদের কয়েকজনের বক্তব্য থেকে ইঙ্গিত মিলেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এসকে/২১৩৩ঘ.
bdnews24