২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাত পরিবারের কান্না পৌঁছেনি কোথাও

রাজধানীর বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের পর অর্ধশতাধিক সেনা কর্মকর্তার পাশাপাশি উদ্ধার হয় সাত বিডিআর সদস্যের লাশ। এ সাতজনের প্রায় সবাই বিদ্রোহীদের গুলিতে নিহত হন বলে দাবি করেছেন তাদের পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, স্বজন হারানোর শোকের সঙ্গে তাদের কপালে জুটেছে প্রতি পদে অবহেলা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটির মৃত্যু আর বিরূপ পরিস্থিতিতে দিশেহারা তারা। জানাচ্ছেন আবু নোমান সজীব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2009, 06:07 AM

Updated : 26 Aug 2022, 11:10 AM

আবু নোমান সজীব, প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২৫ ও ২৬ ফেব্র"য়ারি বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের পর সাত জওয়ানের লাশ উদ্ধার হয়। বিদ্রোহীদের বাধা দিতে গিয়েই তারা মারা গেছেন বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা। কিন্তু ঘটনার পর লাশ শনাক্ত থেকে শুরু করে দাফন পর্যন্ত প্রতি পদে অবহেলার শিকার হয়েছেন- এ অভিযোগও করেছেন তারা। তাদের অভিযোগ, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং স্থানীয় প্রশাসনের কাছ থেকে তারা সাহায্য পাননি। উল্টো তাদের দেখা হচ্ছে এমন দৃষ্টিতে যেন তারা বিদ্রোহীদের স্বজন। তারা বলেন, একদিকে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির অকাল মৃত্যু অন্যদিকে এ ধরনের বিরূপ পরিস্থিতি তাদেরকে দিশেহারা করে তুলেছে। এ অবস্থায় তারা সরকার প্রধানের (প্রধানমন্ত্রী) সুদৃষ্টি কামনা করেছেন। রাবেয়া চান ছেলের লেখাপড়ার দায়িত্ব নিক সরকার নিহত ল্যান্স নায়েক মো. বশিরউদ্দিনের স্ত্রী রাবেয়া খাতুন জানান, ২৫ ফেব্র"য়ারি ঘটনার দিন সকাল ৮টার দিকে নাস্তা করে তার স্বামী সদর দপ্তরের বাসা থেকে বের হয়ে যান। সন্তানের জীবন বাঁচাতে পরদিন বিডিআর সদস্যদের কাছে অনেক অনুনয় বিনয় করে এক কাপড়ে বের হয়ে আসেন তিনি। অনেক খোঁজাখুজির পর ২৭ তারিখ রাতে মিটফোর্ড হাসপাতাল মর্গে স্বামীর লাশ শনাক্ত করেন তিনি। আত্মীয়-স্বজনদের কাছ থেকে টাকা ধার করে সেখান থেকে ওইদিন রাতেই লাশ নিয়ে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মনতেজা গ্রামে নিয়ে দাফন করেন। তিনি বলেন, "আমার স্বামী তো নির্দোষ। ও তো বিদ্রোহী না। সে তো ক্লার্ক ছিলো, অফিসারগো সঙ্গেই সারাদিন থাকতো। বিদ্রোহীগো গুলিতেই ওর মৃত্যু হইছে। আর ও যদি কিছু করতো তাইলে আমি আগেই জানতাম।" বশিরউদ্দিন ১৯৯৬ সালে ক্লার্ক হিসেবে বিডিআরে ঢোকেন। তাদের পাঁচ বছরের ছেলে অপু পড়তো বিডিআর স্কুলে শিশু শ্রেণীতে। রাবেয়া অপুর কথা বলেন আর কাঁদেন। তিনি বলেন, "অপুরে ওর বাপ ম্যালা বড় অফিসার বানানোর স্বপ্ন দেখতো। এ বছরই বিডিআর স্কুলে শিশু শ্রেণীতে ওরে ভর্তি করছিলো। এক কাপড়ে পিলখানা থেকে বাইর হইছি। বাসার মালামালের কি অবস্থা আল্লাহই জানে। এখন আমার অপুর কি হইবো, ওরে কে পড়াশোনা শিখাইইবো?" তার অনুরোধ, "ভাই আপনারা অনেক কিছু পারেন, আপনারা যদি পত্রিকায় লিইখা প্রধানমন্ত্রীর সঙ্গে একটু দেখা করার ব্যবস্থা করতেন, তাইলে আমার বড় উপকার হয়।" রাবেয়া শুনেছেন, সরকার নিহত সেনা কর্মকর্তাদের ছেলে-মেয়েদের লেখাপড়ার খরচ দেওয়ার ঘোষণা দিয়েছে। তিনিও চান তার সন্তান আহনাফ হাবীব অপুরও একটা গতি হোক। সরকার তার ছেলের লেখাপড়ার দায়িত্ব নিক। তিনি বলেন, "এখন বাপের বাড়িত আছি। বাপ-মা নাই। ভাইগো বোঝা হইয়া উঠছি। শ্বশুড় বাড়ির লোকেরা তাগো কাছে রাখতে চায়, কিন্তু তাগো নিজেগোই তিন বেলা ভাত জোটে না। আর তাগো বাড়িত ঘর তোলার জায়গাও নাই।" তিনি জানান, শ্বশুর অনেক আগে মারা গেছেন। শাশুড়ি চপলা খাতুন (৭০) ছেলেদের সঙ্গে থাকেন। সাত ভাইয়ের মধ্যে অন্য ছয় ভাইয়ের সামান্য কিছু জমিতে কৃষিকাজ করে দিন কাটে। পরিবারের হাল ধরতে বিডিআরে যোগ দিয়েছিলেন রহুল আমিন জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের দরিদ্র কৃষক পরিবারের সন্তান রুহুল আমিন পরিবারে স্বচ্ছলতা আনতে প্রায় পাঁচ বছর আগে যোগ দেন বাংলাদেশ রাইফেলসে। দেড় বছর আগে রহুল আমিন বিয়ে করেছিলেন একই গ্রামের মেয়ে সুমনাকে। বিয়ে হলেও বাবার বাড়িতেই থাকতেন সুমনা। পরিবারের স্বচ্ছলতা এনে তারপর সংসার গোছানোর কথা ছিলো তাদের। কিন্তু সংসার শুরুর আগেই বিধবার পোশাক পড়তে হয়েছে সুমনাকে। রুহুল আমিনের বাবা মুকুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার দুই ছেলে ও তিন মেয়ের মধ্যে সবার বড় রুহুল। ছোট ছেলে বিপুল (১৭) দশম শ্রেণীর ছাত্র। পরিবারের হাল ধরতে এসএসসি পাশ করেই রুহুল যোগ দেন বিডিআরে। মুকুল হোসেন বলেন, "২৫ ফ্রেব্র"য়ারি সকাল ৯টার দিকে ফোন কইরা ছেলে আমার বলে, আব্বা আমাদের এখানে তো অনেক বিপদ। গোলাগুলি হইতাছে। কি করবো বুঝবার পারতাছি না। আমি বলি কোন বিল্ডিং এ ঢুইকা আশ্রয় লও। ছেলে বলে, মাথার উপরে হেলিকপ্টার ঘুরতাছে, যদি বোমা ফেলে। আমি তখন বলি, তাইলে কোন গাছের নীচে আশ্রয় লও। পরে ও আবার ১১টার দিকে ফোন করে বলে আব্বা এখনো ভালো আছি। আমার কিছু হইলে সুমনারে দেইখা রাইখেন। পরে অনেক চেষ্টা কইরাও ওর মোবাইলে আর ঢুকতে পারি নাই। " ছেলের সঙ্গে যোগাযোগ করতে না পেরে পরদিন ঢাকায় চলে যান মুকুল হোসেন। দুই দিন ধরে খোঁজাখুজি করেও ছেলের কোন সন্ধান পাননি। পরে রেডক্রিসেন্ট কার্যালয়ে গিয়ে উদ্ধার করা লাশের ছবি দেখে রুহুলকে চিনতে পারেন। সেখান থেকে মিটফোর্ড মর্গ থেকে ছেলের লাশ নিয়ে ইসলামপুর ফেরেন। এখন পর্যন্ত সরকারিভাবে তাদের কোন খোঁজখবর নেওয়ায় হয়নি বলে জানান রুহুলের বাবা। তিনি বলেন, "রুহুলের পাঠানো টাকাতেই সংসার চলতো। আমার যা জমি-জিরাত আছে তার ফসল দিয়া ছয় মাসও চলে না। এখন কোনো দিশা খুইজা পাই না। সরকারও কোন খোঁজ নেয় নাই, ঘোষণাও দেই নাই। এখন কোথায় যাইয়া কি চেষ্টা করুম তা বোঝবার পারি না।" আমার বাবা তো বিদ্রোহী না সুবেদার মেজর (এনসিও) নূরুল ইসলামের (৫৫) ছেলে আশরাফুল জানতে চান, তার বাবা কেন রাষ্ট্রীয় মর্যাদায় দাফন থেকে বঞ্চিত হলেন। বেসরকারি এশিয়া প্যাসেফিক বিশ্ববিদ্যালয়ের এমবিএ চতুর্থ সেমিস্টারের ছাত্র আশরাফুল আলম হান্নান বলেন, "আমার বাবাও তো শহীদ, উনার লাশ কেন রাষ্ট্রীয় মর্যাদায় দাফন হলো না, উনি তো বিদ্রোহে অংশ নেন নাই। তার কি দোষ ছিলো আমাদের বলতে পারবেন?" তিনি জানান, ছয়দিন ধরে ঢাকার সব হাসপাতালে খোঁজাখুজির পর ঢাকা মেডিকেলের মর্গে অজ্ঞাত হিসেবে পড়ে থাকা নুরুল ইসলামের লাশ পান তারা। লাশ গ্রহণের আনুষ্ঠানিকতা শেষ করতেই একদিন কেটে যায়। পরে অ্যাম্বুলেন্স ভাড়া করে লাশ নিয়ে দেশের বাড়ি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরলক্ষ্মী গ্রামে যান। "লাশ নিয়ে পৌঁছানোর পর দাফনের সময় অন্তত পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়ার অনুরোধ করে আমরা পুলিশের সঙ্গে যোগাযোগ করি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানালে তারা উপরে যোগাযোগর জন্য সময় চান। কয়েক ঘন্টা পর তারা জানান, উর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন বিডিআর সদস্যদের ব্যাপারে সরকারের কোন নির্দেশনা নেই," বলেন আশরাফুল। তার দাবি, "ঘটনার দিন সকালে দরবার হলে গণ্ডগোল শুরু হলে মহাপরিচালক (ডিজি) সাহেব আমার বাবাকে বলেন, মেজর সাহেব আপনি মাইকে সবাইকে ডাকেন, তাদের বলুন সবার দাবি বিবেচনা করা হবে। আমার বাবা মাইকে সবাইকে ডাকতে শুরু করলে ৪/৫ জন পোশাকধারী বিডিআর সদস্য তাকে লক্ষ্য করে গুলি করে। সেখানেই তার মৃত্যু হয়।" "আর আমার বাবা যে বিদ্রোহী না তা বিভিন্ন মিডিয়াকে দেওয়া বেঁচে আসা বেশ কয়েকজন আর্মি অফিসারের সাক্ষাতকারেই প্রমাণিত হয়েছে," জোর দিয়ে বলেন আশরাফুল। তিন বোন এবং এক ভাইয়ের মধ্যে তৃতীয় আশরাফুল জানান, বড় দুই বোনের বিয়ে হয়েছে। ছোট বোন নাসরীন আক্তার ইতি রাইফেলস স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী। তিনি বলেন, "আমার চতুর্থ সেমিস্টারের পরীক্ষা চলছিলো। একটিমাত্র পরীক্ষা দিতে পেরেছি। ওইদিন সকাল ৮টায় পিলখানার বাসা থেকে বের হই। পরে তো সব উল্টা-পাল্টা হয়ে গেলো। আবার কবে পড়াশোনা শুরু করতে পারবো তা একমাত্র আল্লাহই ভালো জানে। ছোট বোনটারও সামনের মাসেই পরীক্ষা। আমরা যে কি করবো তা বুঝে উঠতে পারছি না। পিলখানার বাসায় ফিরে যাওয়ার কোন উপায় নেই। সরকার কখন ডাকবে সেই অপেক্ষায় আপাতত গ্রামের বাড়িতেই (লক্ষ্মীপুর) আছি।" গুলির মত কোন শব্দ শুনলেই আঁতকে উঠে মণি এখনও গুলির মত কোন শব্দ কানে এলে আঁতকে উঠে ঢাকার বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী জান্নাতুল ফেরদৌস মণি। বিদ্রোহে নিহত সুবেদার সহকারী আবুল কাশেমের মেয়ে সে। গত ২৫ ফেব্র"য়ারি বিডিআর সদর দপ্তরে তাণ্ডবের সময় সে তার মায়ের সঙ্গে সদর দপ্তরের বাসায় ছিল। একই অবস্থা তার মা আকতার বানু ডালিমের। মাঝে মাঝে প্রলাপ বকছেন, আবার কখনো মুর্ছা যাচ্ছেন। কাসেমের গ্রামের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামে। ২৭ ফেব্র"য়ারি শুক্রবার রাতে তার মরদেহ বাড়িতে পৌঁছায়। ওইদিন রাত সাড়ে ১১টায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। দুই ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে তিনি সদর দপ্তরের বাসায় থাকতেন। ছেলে আবুল কালাম নয়ন মোহাম্মাদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজে বি'কম চুড়ান্ত বর্ষের ছাত্র। ঘটনার সময় সে কলেজে ছিল। আবুল কাশেম ব্যাটেলিয়ন হেড ক্লার্ক হওয়ায় ২৫ ফেব্র"য়ারি দরবার হলের অনুষ্ঠানসূচিসহ বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র ছিল তার দায়িত্বে। তার স্ত্রী ডালিম জানান, সকালে বাসা থেকে বেরিয়ে অফিসের কাজ সেরে যথারীতি যান দরবারে। মেয়ে মণি জানান, গোলাগুলির শব্দ হওয়ার পর থেকে সে তার বাবাকে মোবাইলে ফোন করেছেন অনেক বার, বাবা ফোন রিসিভ করেননি। চরম উৎকন্ঠায় কেটে যায় অনেক সময়। দুপুর ২টার পর তার বাবা দরবার ছেড়ে বাড়ি আসার সময় পিছন দিক থেকে বন্দুকধারী দু'জন বিডিআর সদস্য তিন থেকে চারটি গুলি ছোড়ে। সঙ্গে সঙ্গে তার বাবা মাটিতে লুটিয়ে পড়লে সে গিয়ে বাবাকে জাপটে ধরে। এ সময় বিডিআর সদস্যরা তার লাশ নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু মণি জাপটে ধরে রেখে তার বাবার লাশ নিয়ে যেতে দেয়নি। ডালিম আক্ষেপ করে বলেন, "গুলিতে নিহত আমার স্বামী তো শহীদ হয়েছে, তবে কেনো তাকে রাষ্টীয় মর্যাদায় দাফন করা হলো না। উনি তো বিদ্রোহে অংশ নেননি।" তারা এখন গ্রামের বাড়ি চৌবাড়িয়ায় আছেন জানিয়ে তিনি বলেন, "সরকারের পক্ষ থেকে কেউ যোগাযোগ করেনি। পিলখানার বাসাতেও কেউ নেই। আল্লাহই ভালো জানেন বাসার মালামাল গুলি ঠিকঠাক আছে কিনা। আমার সন্তানদের নিয়ে আমি এখন কোথায় যাবো। তাদের লেখা পড়ার দায়িত্ব কে নেবে?" সাত মাস পরেই অবসরে যাওয়ার কথা ছিল সাত মাস পর চলতি বছরের সেপ্টেম্বরে অবসরে যাওয়ার কথা ছিল বিডিআর এর সহকারী পরিচালক খন্দকার মো. আব্দুল আওয়ালের। সাত ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। তার দুই ছেলে-মেয়ের মধ্যে বড় ছেলে মেজর খন্দকার মনির হোসেন ময়মনসিংহ সেনানিবাসে কর্মরত রয়েছেন। মেয়ে ডা. খন্দকার দিলশাদ হোসেন বগুড়ার একটি হাসপাতালে কর্মরত। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার কান্দাপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয় আব্দুল আওয়ালকে। ছোট ভাই খন্দোকার ফারুখ আহম্মেদ জানান, দু'দিন ধরে খোঁজাখুজি করে ২৭ ফেব্র"য়ারি মনির মিটফোর্ড হাসপাতাল মর্গে গিয়ে বাবার লাশ খুঁজে পায়। সেখান থেকে ওইদিন রাতেই লাশ গ্রামের বাড়িতে এনে দাফন করা হয়। তিনি বলেন, "আমার ভাই বিদ্রোহী ছিলেন না। বিদ্রোহী হইলে তো গুলিত মরতো না। অন্য সবার মতো উনিও পিলখানা থেকে পালাইয়া বাঁচতেন।" সরকার তো বিডিআর এর কথা বলেই না ল্যান্স নায়েক মো. মানিককে (৪০) পেছন থেকে গুলি করে হত্যা করা হয়- এমন দাবি তার বাবার। নাটোরের বাগাতিপাড়া উপজেলার সাতলেশ্বর গ্রামের মো. ছাবের আলী সরকারের আট ছেলে ও দুই মেয়ের মধ্যে সবার বড় ছিলেন মানিক। ছাবের আলী জানান, মানিকের স্ত্রী শাহীনা এবং তার দুই সন্তান সোহান (১২) এবং তৃষা (৬) বাড়িতে তাদের সঙ্গে থাকে। তিনি বলেন, "ওইদিন সকাল ৯টার দিকে ছেলে একবার ফোন করে বলে, পিলখানায় গোলাগুলি শুরু হইছে। পরে আমরা ম্যালা চেষ্টা কইরাও মানিকের মোবাইলে রিং ঢোকাতে পারি নাই। পরদিন ঢাকা যাই। সেখানে পিলখানার গেটে ছেলের খোঁজ জানতে চাইলে তারা বলে, কার খবর কেডা লয় চাচা, মর্গে যাইয়া খোঁজ নেন। পরে শুক্রবার সারাদিন খোঁজাখুজি কইরা সন্ধ্যায় মিটফোর্ড মর্গে আমার মানিকরে খুঁইজা পাই।" ছাবের আলী বলেন, "আমার ছেলে তো বিদ্রোহে অংশ নেই নাই। বিদ্রোহে অংশ নিলে ওরে কি আর পিছন থেইকা গুলি করে মারে? ও নিশ্চয় বাধা দিতে গিয়া গুলি খাইছে। কিন্তু সরকারতো আমাগো বিদ্রোহীগো স্বজনের মতোই দেখতাছে। আর সরকারতো খালি অফিসারগো নিয়াই ব্যস্ত আছে। বিডিআর এর কথা বলেই না। আমরা কার কাছে যাইয়া কি করবো কিছুই বুঝে উঠবার পারতাছি না।" বিডিআর বিদ্রোহে নাটোরের আরেকজন বিডিআর সদস্য মারা গেছেন। তিনি হলেন ডিএডি মাসুম খান। তবে তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এমএসবি/জিএনএ/১২০০ ঘ.